সিলেটে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, ঝরে গেল নয়টি প্রাণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট-তামাবিল মহাসড়কে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজন চালকসহ নয়জন নিহত হয়েছেন। গতকাল সোমবার বেলা দেড়টার দিকে জৈন্তাপুর উপজেলার সারিঘাটের কাছে এ দুর্ঘটনা ঘটে।নিহত ব্যক্তিদের মধ্যে দুজন স্কুলশিক্ষিকা ও একজন ছাত্রসহ ছয়জনের পরিচয় পাওয়া গেছে। অন্য তিনজনের পরিচয় মেলেনি।দুর্ঘটনায় বাসের ৫৬ জন যাত্রী আহত হয়েছে। এর মধ্যে ২৬ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ৩০ জনকে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে হাইওয়ে ও স্থানীয় থানার পুলিশ জানায়, জাফলং থেকে একটি যাত্রীবাহী বাস সিলেট যাচ্ছিল। জৈন্তাপুরে তামাবিল-সিলেট মহাসড়কে সারিঘাটের কাছে পৌঁছানোর পর বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা ট্রাকের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে বাস ও ট্রাকের চালক নিহত হন। বাসের নিহত অন্য সাতজন যাত্রীর মধ্যে দুজন ঘটনাস্থলে এবং পাঁচজন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান।নিহত ব্যক্তিরা হলেন: গোয়াইনঘাট উপজেলার কুরিহাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক তৃপ্তি রাণী দে (২৮), জৈন্তাপুরের বিড়াখাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ববিতা রাণী দাশ (৩০), দরবস্ত গ্রামের তসলিম আলীর স্ত্রী সালমা বেগম (৪৫), তাঁর ছেলে শরিফত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র নোমান আহমদ (১০), বাসচালক আনোয়ার হোসেন (২৮) এবং জৈন্তাপুরের ডৌডিক গ্রামের নজির আলীর স্ত্রী খাতুন বিবি (৫৫)। ট্রাকচালক ও নিহত দুজন নারী যাত্রীর পরিচয় পাওয়া যায়নি।ঘটনাস্থলে থাকা তামাবিল হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) কামাল হোসেন জানান, সারিঘাটের বাঁকের কাছে দুটি যানই বেপরোয়া গতিতে যাচ্ছিল। একপর্যায়ে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয় এবং যান দুটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।খবর পেয়ে জৈন্তাপুর থানার একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে চারটি লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়। আহত ব্যক্তিদের মধ্যে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আরও পাঁচজন মারা যান।জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল জানান, দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাকটি জব্দ করা হয়েছে।নিহত দুই শিক্ষিকার সহকর্মী অপর শিক্ষক ফারহানা বেগম জানান, গতকাল প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার ফল ঘোষণার পর তাঁরা তিনজন একসঙ্গে বাড়ি ফিরছিলেন।দুর্ঘটনার পর সিলেট-তামাবিল মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। খবর পেয়ে সাবেক সাংসদ দিলদার হোসেন, জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রাশেদুল ইসলামসহ স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে যান। তাঁদের উদ্যোগে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।