সিলেটে বাস-লেগুনা সংঘর্ষে নিহত ৩
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের পারাইরচক মোড়ে যাত্রীবাহী বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০ যাত্রী। আজ শুক্রবার বেলা দুইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন ফেঞ্চুগঞ্জের পশ্চিমপাড়া মানিককোনা এলাকার রকিব আলী (৭৫) ও একই উপজেলার মুহম্মদপুরের জহুর মিয়া (৪০)। অপরজনের নাম-পরিচয় এখনো জানা যায়নি। তাঁর বয়স আনুমানিক ২৫ বত্সর।
পুলিশ সূত্রে জানা গেছে, যাত্রীবাহী বাসটি সিলেট থেকে ফেঞ্চুগঞ্জ যাচ্ছিল। লেগুনাটি ফেঞ্চুগঞ্জ থেকে সিলেট যাওয়ার পথে পারাইরচক মোড়ে পৌঁছালে বাসটির সঙ্গে এর মুখোমুখি সংঘর্ষ হয়।
প্রথম আলোকে ঘটনার সত্যতা নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার মুহাম্মদ রহমত উল্লাহ জানান, নিহত তিনজনই লেগুনার যাত্রী। তাঁদের মধ্যে দুজন ঘটনাস্থলে ও একজন হাসপাতালে নেওয়ার পর চিকিত্সাধীন অবস্থায় মারা যান।