সিলেটে বাসচাপায় মেডিকেল ছাত্রের মৃত্যু
সিলেটে নিজ কলেজের বাসের চাপায় গোলাম কিবরিয়া তাজওয়ার ওরফে ফাহিম নামে এক মেডিকেল কলেজ ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় দক্ষিণ সুরমার পিরিজপুরে এ দুর্ঘটনা ঘটে। তিনি সিলেটের নর্থইস্ট মেডিকেল কলেজের এমবিবিএস প্রথম বর্ষের ছাত্র ও নগরের পাঠানটুলার মাসুক মিয়ার ছেলে। প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ সূত্র জানায়, গতকাল ছুটি হওয়ার পর কলেজের নিজস্ব মিনিবাসযোগে শিক্ষার্থীরা বাসার উদ্দেশে রওনা হন। পিরিজপুরে যাওয়ার পর বাসের দরজার কাছে দাঁড়ানো গোলাম কিবরিয়া হঠাৎ ছিটকে পড়ে ওই বাসের চাকায় পিষ্ট হন। গুরুতর আহত অবস্থায় নর্থইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) সোহরাব হোসেন জানান, ময়নাতদন্তের জন্য লাশ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বাসচালক রাহেলকে আটক করা হয়েছে।