সিলেটে বাড়ছে মাদক ব্যবসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন-চারজন যুবক সিলেট রেলওয়ে স্টেশনের ডান দিকে পাকা মেঝেতে গোল হয়ে বসে আছে। কিছু দূরে জটলাবাঁধা আরও কয়েকজন যুবক। ইদানীং এই দৃশ্য প্রায়ই দেখা যায়। খোঁজ নিয়ে জানা গেছে, মাদকসেবী যুবকেরা ওই স্থানে প্রায় প্রকাশ্যে বসেই মাদক সেবন করছে। এদের কেউ কেউ আবার সরাসরি মাদক ব্যবসার সঙ্গে জড়িত।ওই স্থান ছাড়াও নগরের বিভিন্ন এলাকা মাদকে সয়লাব হয়ে যাচ্ছে। অথচ পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে বিভিন্ন এলাকার বাসিন্দারা অভিযোগ করেছেন। এলাকাবাসীর অভিযোগ, সন্ধ্যা হলেই নগরের বিভিন্ন অলিগলি আর আবাসিক এলাকার রাস্তায় মাদকসেবীদের তৎপরতা শুরু হয়। এরা প্রকাশ্যে রাস্তায় বসে হেরোইন, ফেনসিডিলসহ নানা ধরনের মাদক সেবন করে। এদের হাতে প্রায় সময় পথচারীদের চুরি ও ছিনতাইয়ের শিকার হতে হয়। পথে চলাচলকারী সাধারণ মানুষ এসব মাদকসেবীর হাতে প্রতিনিয়ত হেনস্তা হয়। নাগরিক মৈত্রী সিলেটের আহ্বায়ক আইনজীবী সমর বিজয় শেখর বলেন, ‘শহরের বিভিন্ন বস্তিতে মাদকের আখড়া গড়ে উঠেছে। এসব আখড়া বন্ধ হলেই মাদক নির্মূলের পাশাপাশি শহরে সন্ত্রাস ও চুরি কমবে।’ সংস্কৃতিকর্মী বশির আহমদ জুয়েল বলেন, দিনের বেলায়ও বিভিন্ন স্কুল-কলেজের সামনে কিছু বখাটে মদ-গাঁজা সেবন করে স্কুল-কলেজগামী ছাত্রীদের উত্ত্যক্ত করে। মানসম্মান রক্ষায় মেয়েরা কাউকে কিছু খুলেও বলতে পারছে না। কয়েকটি কলেজ-বিদ্যালয়ের একাধিক শিক্ষক ও অভিভাবক জানিয়েছেন, মাদকের নেশায় আচ্ছন্ন হয়ে পড়ছে শহরের শিক্ষার্থী থেকে শুরু করে উঠতি বয়সী তরুণ ও মধ্যবয়সীরা। এই মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।জানা গেছে, সিলেট নগরের কমপক্ষে ৪০টি স্থানে মাদক বেচাকেনা হয়। এর মধ্যে দক্ষিণ সুরমা রেলওয়ে স্টেশন, পুরাতন স্টেশন, কদমতলী, কিনব্রিজ এলাকা, কাষ্টঘর, সোবহানীঘাট, সুবিদবাজার, পাঠানটোলা, আম্বরখানা, জিন্দাবাজার, তালতলা, দাড়িয়াপাড়া, শিবগঞ্জ, বালুচর, শাহী ঈদগাহ, ইলেকট্রিক সাপ্লাই, টিলাগড় এলাকার বিভিন্ন মুদি ও টং দোকানে অনেকটা প্রকাশ্যে মাদক বিক্রি হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক মাদকসেবী বলেন, ‘শহরে ইচ্ছে করলেই হোরোইন, গাঁজাসহ সব ধরনের মাদক পাওয়া যায়। মাদক সহজলভ্য হওয়ায় আমাদের পক্ষে তা ছেড়ে দেওয়া সম্ভব হচ্ছে না।’নগরের নাইওরপুল এলাকার কয়েকটি ভাঙ্গারি দোকানে গিয়ে দেখা গেছে, তাদের কেনা বোতলের মধ্যে ফেনসিডিলের বোতল রয়েছে। এ ছাড়া নগরের বিভিন্ন পাড়া-মহল্লার আনাচে-কানাচে, মলমূত্র ত্যাগের স্থানে ও নালা-নর্দমায় বিভিন্ন ট্যাবলেটের খোলা পাতা এবং ফেনসিডিলের বহু খালি বোতল পড়ে থাকতে দেখা যায়। দক্ষিণ সুরমা রেলস্টেশন এলাকার এক বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘আমাদের এলাকায় জুয়া চলছে, কিন্তু প্রকাশ্যে তা বলা যাবে না। অনেকে মাদক ব্যবসা করছে, তা-ও পুলিশকে জানানো যাবে না। কারণ মাদক ব্যবসায়ীরা অভিযোগ করার মিনিট পাঁচেকের মধ্যেই জেনে যায়। অভিযোগ করে অযথা নিজের বিপর্যয় ডেকে আনব নাকি?’সিলেটের পুলিশ কমিশনার অমূল্য ভূষণ বড়ুয়া প্রথম আলোকে বলেন, ‘সীমান্ত এলাকা হওয়ায় এই শহরে মাদকের ব্যবসা একটু বেশি। তবে পুলিশ মাদকের বিরুদ্ধে সোচ্চার রয়েছে। আমরা তরুণ প্রজন্মকে অন্ধকারের দিকে ঠেলে দিতে চাই না। তাই শহরকে মাদকমুক্ত করতে ব্যাপক তৎপরতা শুরু করেছি।’