সিলেটে বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে খুন করা হয়েছে টাইলস মিস্ত্রি আবদুল মালেককে (৩২)। সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার তেতলি গ্রামে গত মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। এলাকাবাসী খুনের অভিযোগে রাতেই ওই এলাকার বাসিন্দা যুক্তরাজ্যপ্রবাসী আবদুল কাদিরকে (৩০) ধরে পুলিশে দিয়েছেন। এ ঘটনায় গতকাল বুধবার দক্ষিণ সুরমা থানায় হত্যা মামলা করা হয়। এরপর কাদিরকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। এলাকাবাসী ও পুলিশ সূত্রের বিবরণ অনুযায়ী, তেতলির বাসিন্দা আবদুল মালেকের সঙ্গে যুক্তরাজ্যপ্রবাসী কাদিরের জমিসংক্রান্ত বিরোধ ছিল। মঙ্গলবার রাত সাড়ে আটটায় মালেককে বাড়ি থেকে ডেকে নেন কাদির। এর প্রায় আধা ঘণ্টা পর মালেককে ছুরিকাহত অবস্থায় উদ্ধার করা হয়। হাসপাতালে নেওয়ার পথে কাদির মারা যান। পূর্ববিরোধের জের ধরে কাদিরই মালেককে খুন করেছেন—এ অভিযোগে রাত ১১টায় এলাকাবাসী কাদিরকে ধরে পুলিশে সোপর্দ করেন। পুলিশ মালেকের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়। তাঁর বুকে ও পিঠে ছুরিকাঘাতের ক্ষত রয়েছে। ময়নাতদন্ত শেষে গতকাল মালেকের লাশ পরিবারের জিমঞ্চায় দেওয়া হয়। পরে গ্রামের কবরস্থানে মৃতদেহ দাফন করা হয়। আবদুল মালেকের বড় ভাই আবদুল খালিক বাদী হয়ে দক্ষিণ সুরমা থানায় কাদিরকে প্রধান আসামি করে হত্যা মামলা করেছেন। পুলিশ ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহূত ছোরা উদ্ধার করেছে। দক্ষিণ সুরমা থানার পরিদর্শক (তদন্ত) রঞ্জন সামন্ত প্রথম আলোকে জানান, জমিসংক্রান্ত বিরোধের জের ধরে আবদুল মালেক খুন হয়েছেন। ঘটনাস্থল থেকে রক্তমাখা ছোরা ও খুনের কিছু আলামত সংগ্রহ করা হয়। কাদিরই হত্যাকাণ্ডে জড়িত বলে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে।