বিএনপির নেতা এম ইলিয়াস আলীর নিখোঁজ হওয়ার ঘটনা নিয়ে সিলেটে বিএনপির মধ্যে ভাঙন সৃষ্টির অপচেষ্টা চলছে। এর অংশ হিসেবে ছাত্রদলের নেতা ইফতেখার আহমদ ওরফে দিনার নিখোঁজ হওয়ার ঘটনায় স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।সিলেট জেলা প্রেসক্লাবে গতকাল মঙ্গলবার সংবাদ সম্মেলন করে আন্দোলনে ভাঙন সৃষ্টির এই অভিযোগ তোলা হয়। দলে ভাঙন সৃষ্টির জন্য জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল গফফার ও সাংগঠনিক সম্পাদক আলী আহমদকে দায়ী করা হয়।সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সহসভাপতি আশিক উদ্দিন, মহানগর বিএনপির সহসভাপতি নোমান মাহমুদ ও মকসুদ আলী, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক এ টি এম ফয়েজ, জেলা যুবদলের সহসভাপতি সুদীপ রঞ্জন সেন, মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক সৈয়দ মিনহাজ উদ্দিন, জেলা ছাত্রদলের সহপ্রচার সম্পাদক আজিজুল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সিলেট জেলার যুগ্ম আহ্বায়ক আবদুল ওয়াহিদ।সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহসভাপতি ও সিলেট মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক সামসুজ্জামানের নেতৃত্বে প্রতিদিন ইলিয়াস আলীর সন্ধানের দাবিতে আন্দোলন চলছে। এই আন্দোলন করতে গিয়ে সামসুজ্জামানসহ নেতা-কর্মীদের নামে ১৩টি মামলা হয়েছে। এই পরিস্থিতিতে দলে ভাঙন ধরানোর লক্ষ্যে সিলেট জেলা ছাত্রদলের সহসাধারণ সম্পাদক ইফতেখারের নিখোঁজ হওয়ার ঘটনায় আবদুল গফফার ও আলী আহমদের প্ররোচনায় সামসুজ্জামানসহ কয়েকজন নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, আবদুল গফফার ও আলী আহমদ সরকারের এজেন্ট হয়ে কাজ করছেন। সংবাদ সম্মেলনে উত্থাপিত অভিযোগ প্রসঙ্গে আলী আহমদ বলেন, ‘এটা দলের শৃঙ্খলাবিরোধী একটি সংবাদ সম্মেলন। কারা, কেন করেছে, সেটাও ত্যাগী নেতা-কর্মীদের জানা আছে।’ আবদুল গফফারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়।ইফতেখারের স্ত্রীর মামলা: ইফতেখারকে অপহরণ করে গুম করার অভিযোগে ঢাকার উত্তরা থানায় মামলা করেছের তাঁর স্ত্রী ও সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল গফফারের মেয়ে প্রিন্সিলা পারভীন। মামলায় স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহসভাপতি ও সিলেট জেলা শাখার আহ্বায়ক সামসুজ্জামান, কেন্দ্রীয় ছাত্রদলের তথ্য ও গবেষণা সম্পাদক আবদুল আহাদ খান, স্বেচ্ছাসেবক দলের মহানগর কমিটির আহ্বায়ক ওয়ার্ড কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীমসহ ১৩ নেতা-কর্মীর নাম উল্লেখ করে আসামি করা হয়। ১১ মে রাতে ওই মামলা করা হয়। ইফতেখার গত ৩ এপ্রিল ছাত্রদলকর্মী জুনেদ আহমেদসহ ঢাকার উত্তরা এলাকা থেকে নিখোঁজ হন।ওই মামলার তদন্তকারী কর্মকর্তা ঢাকার উত্তরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) বাবুল মিয়া জানান, ১১ মে মামলা হয়েছে। তদন্ত চলছে।