সিলেটে বিএনপিকে সমাবেশ করতে দেয়নি পুলিশ
পুলিশি বাধায় গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সিলেটে কর্মসূচি পালন করতে পারেনি বিএনপি। গতকাল সকালে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে কেন্দ্রঘোষিত অবস্থান কর্মসূচি পালনে পুলিশ তাদের বাধা দেয়।
সকাল সাড়ে ১০টার দিকে নগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনের নেতৃত্বে বিএনপির নেতা-কর্মীরা শহীদ মিনারে সমবেত হন। কিন্তু পুলিশি বাধায় কর্মসূচি পালন করতে না পেরে তাঁরা সোবহানীঘাট এলাকায় বিক্ষোভ সমাবেশ করেন।
সমাবেশে নাসিম হোসাইনসহ জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী, মহানগরের সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, জেলার সাধারণ সম্পাদক আলী আহমদ প্রমুখ বক্তব্য দেন।
নাসিম হোসাইন বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি পালন করছিলাম। হঠাৎ পুলিশ এসে কোনো সমাবেশ করতে দেবে না বলে জানায়। সরকার বিএনপিকে দমাতে এ রকম পরিস্থিতির সৃষ্টি করছে।’
এ বিষয়ে সিলেট কোতোয়ালি থানার ওসি সোহেল আহাম্মদ বলেন, শহীদ মিনারের সামনে তাঁরা সমাবেশ করবেন বলে আগে জানানো হয়নি। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে, এ আশঙ্কায় তাদের কর্মসূচি পালন করতে দেওয়া হয়নি।