সিলেটে বিএনপির আরও সাতটি আহ্বায়ক কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট জেলা বিএনপির উপজেলা ও পৌরসভার সাতটি কমিটি বিলুপ্ত করে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গত বুধবার রাতে নগরের সোবহানীঘাটে দলের অস্থায়ী কার্যালয়ে জেলার যুগ্ম আহ্বায়কদের সভায় পুরোনো কমিটি বিলুপ্ত করে নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়৷ জেলা বিএনপির আহ্বায়ক নুরুল হকের সভাপতিত্বে ওই সভা হয়৷
জেলা আহ্বায়ক কমিটির সভায় সর্বসম্মতিক্রমে বিশ্বনাথ উপজেলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জালাল উদ্দিন, বালাগঞ্জে মো. গেদাই মিয়া, ওসমানীনগরে চেরাগ আলী, বিয়ানীবাজারে জিয়াউল বারী চৌধুরী, গোলাপগঞ্জে নজরুল ইসলাম, বিয়ানীবাজার পৌর শাখায় মইনুল ইসলাম ও গোলাপগঞ্জ পৌর শাখায় গোলাম কিবরিয়া চৌধুরীকে আহ্বায়ক ঘোষণা করা হয়৷
উপজেলা কমিটি ২১ সদস্য ও পৌর কমিটি ১৫ সদস্যবিশিষ্ট৷ সাতটি কমিটিকে এক মাসের মধ্যে ওয়ার্ড ও ইউনিয়ন সম্মেলন করে উপজেলা ও পৌর সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে৷
এর আগে ৩ মে সাতটি কমিটি ভেঙে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছিল৷ এ নিয়ে জেলার ১৪টি সাংগঠনিক কমিটি ভেঙে আহ্বায়ক কমিটি গঠিত হলো৷
দলীয় সূত্র জানায়, জেলার ১৭টি সাংগঠনিক কমিটি বিএনপির ‘নিখোঁজ’ নেতা এম ইলিয়াস আলীর নেতৃত্বেই গঠিত হয়েছিল। এসব কমিটি গঠনের পর ২০০৯ সালের ২৫ নভেম্বর জেলা সম্মেলন হয়। কেন্দ্রের সাংগঠনিক সম্পাদক পদের পাশাপাশি ইলিয়াস জেলা সভাপতি পদেও নির্বাচিত হয়েছিলেন সাংগঠনিক কমিটির কাউন্সিলের মাধ্যমে। নতুন নেতৃত্ব নিয়ে দলকে ঢেলে সাজানোর সাংগঠনিক তৎপরতার মধ্যে ২০১২ সালের ১৭ এপ্রিল ঢাকার বনানী থেকে গাড়িচালক আনসার আলীসহ ‘নিখোঁজ’ হন ইলিয়াস আলী৷
ইলিয়াসবিহীন বিএনপিকে চাঙা করতে পাঁচ বছরের মাথায় গত ১৫ এপ্রিল কেন্দ্রের নির্দেশে জেলা কমিটি ভেঙে ১০ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন হয়৷ দলের প্রবীণ নেতা এম নুরুল হককে আহ্বায়ক করে গঠিত ওই কমিটি ২৪ এপ্রিল প্রথম সভায় মিলিত হয়৷ সভায় জেলার ১৭টি সাংগঠনিক কমিটি ভেঙে নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত হয়।