সিলেটে বিএনপির কর্মিসভার শুরুতেই পাল্টাপাল্টি ধাওয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট মহানগর বিএনপির কর্মিসভায় গতকাল মঙ্গলবার দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও চেয়ার ছোড়াছুড়ি হয়েছে। এতে অন্তত ১০ জন আহত হন। বিএনপির ‘চলো চলো ঢাকা চলো’ কর্মসূচির প্রস্তুতি উপলক্ষে এই কর্মিসভার আয়োজন করা হয়। পরে জ্যেষ্ঠ নেতাদের উপস্থিতিতে পুলিশি পাহারায় কর্মিসভা হয়। পাল্টাপাল্টি ধাওয়ার সময় প্রতিপক্ষের নেতা-কর্মীদের দিকে ‘বিষাক্ত গ্যাস’ স্প্রে করার অভিযোগ উঠেছে।দলীয় সূত্র জানায়, গতকাল বিকেলে নগরের শাহজালাল উপশহরের একটি কমিউনিটি সেন্টারে নগর কমিটির কর্মিসভার আয়োজন করা হয়। এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন প্রধান অতিথি ও জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী বিশেষ অতিথি ছিলেন।দুপুর দুইটা থেকে খণ্ড খণ্ড মিছিল সভাস্থলে পৌঁছতে শুরু করে। বিকেল সাড়ে তিনটার দিকে মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক জিয়াউল গণির নেতৃত্বে একটি মিছিল সেখানে পৌঁছায়। তাঁর সমর্থক ছাত্রদলের একটি মিছিল সেখানে পৌঁছালে কর্মিসভায় তাঁদের বসার জায়গা নিয়ে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সামছুজ্জামানের অনুসারী নেতা-কর্মীদের সঙ্গে বচসা হয়। অভিযোগ উঠেছে, এ সময় সামছুজ্জামানের অনুসারীরা অতর্কিতে প্রতিপক্ষের দিকে ‘বিষাক্ত গ্যাস’ স্প্রে করেন। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গ্যাস স্প্রের সঙ্গে সঙ্গে প্রতিপক্ষের দিকে চেয়ার ছুড়ে মারা ও পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। গ্যাস চোখে লেগে মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক নুরুল আলম সিদ্দিকী, মদনমোহন কলেজ ছাত্রদলের সভাপতি কাজী মেরাজসহ বিএনপির অন্তত আটজন কর্মী আহত হন। এ সময় সভাস্থলসহ সোবহানীঘাট সড়কজুড়ে ১০ থেকে ১৫ মিনিট পাল্টাপাল্টি ধাওয়া চলে। একপর্যায়ে জিয়াউল গণির সমর্থক বিএনপি ও ছাত্রদলের কর্মীরা সভাস্থল ত্যাগ করতে বাধ্য হন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে পরিস্থিতি শান্ত হয়। আহত ব্যক্তিরা প্রাথমিক চিকিৎসা নেন।মহানগর বিএনপির সভাপতি এম এ হকের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক রেজাউল হাসানের সঞ্চালনায় কর্মিসভা শুরু হয়। কেন্দ্রীয় নেতা খন্দকার মোশাররফ হোসেনকে সঙ্গে নিয়ে এই সভায় যোগ দেন ইলিয়াস আলী।রেজাউল হাসান স্প্রে করা গ্যাস তাঁর চোখে পড়েছে জানিয়ে প্রথম আলোকে বলেন, ‘বিষাক্ত গ্যাসজাতীয় কিছু স্প্রে করার পর আমার কাছে মনে হয়েছিল, এটি অন্য রকম কোনো হামলা। পরে দেখলাম, এক পক্ষকে কর্মিসভা থেকে তাড়াতেই গ্যাস স্প্রে করা হচ্ছে।’ স্প্রে কারা করেছে, জানতে চাইলে তিনি বলেন, ‘কোনো পক্ষের নাম না বলে বলব, “চলো চলো ঢাকা চলো” কর্মসূচি পালনে বাধা দিতে এটি একটি ষড়যন্ত্র।’জিয়াউল গণি বলেন, ‘বিষাক্ত গ্যাস ছুড়ে হামলার ঘটনা একটি নতুন কৌশল। যারা নগর বিএনপির কমিটিতে না থেকেও আধিপত্য বিস্তার করেছিল, তারাই এ ঘটনা ঘটিয়েছে।’যোগাযোগের চেষ্টা করা হলে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সামছুজ্জামানের মুঠোফোন বন্ধ পাওয়া যায়। কর্মিসভার পর এ নিয়ে জেলা ও নগর বিএনপির জ্যেষ্ঠ কোনো নেতা মন্তব্য করতে রাজি হননি। তবে কর্মিসভায় দেওয়া বক্তৃতায় এ ঘটনা সম্পর্কে ইলিয়াস আলী বলেন, ‘১২ মার্চের কর্মসূচি নিয়ে নানা ষড়যন্ত্র চলছে। জিয়ার সৈনিকেরা কখনো এমন করতে পারে না। যারা হট্টগোল করেছে, তারা জিয়ার সৈনিক নয়...।’সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে ছিল। পুলিশ স্প্রের আলামত সংগ্রহ করার চেষ্টা করছে।