সিলেটে বিএনপির টানা কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইলিয়াস আলী
ইলিয়াস আলী

বিএনপির ‘নিখোঁজ’ নেতা এম ইলিয়াস আলীর সন্ধান দাবিতে আজ রোববার থেকে সিলেটে বিএনপির টানা কর্মসূচি শুরু হচ্ছে। আজ দুপুর ১২টায় ‘নিখোঁজ’ ইলিয়াসের সন্ধান দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হবে।
সিলেটের জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি দিয়ে ৩০ এপ্রিল পর্যন্ত গণসংযোগ, প্রতীকী অনশন, সমাবেশের টানা কর্মসূচি ঘোষণা করেছে সিলেট জেলা বিএনপি।
২০১২ সালের ১৭ এপ্রিল ইলিয়াস আলী ঢাকার বনানী থেকে গাড়িচালক আনসার আলীসহ নিখোঁজ হন। তাঁকে সরকারই ‘গুম’ করেছে অভিযোগ তুলে ওই সময় থেকে বিএনপি ইলিয়াস আলীর সন্ধান দাবিতে আন্দোলন করে আসছে। ইলিয়াস আলী নিখোঁজের পরপর তাঁর নির্বাচনী এলাকা বিশ্বনাথে পুলিশের সঙ্গে নেতা-কর্মীদের দফায় দফায় সংঘর্ষ হয়। এতে বিএনপির তিন কর্মী নিহত হন। এরপর থেকে প্রতিবছর ১৭ এপ্রিলকে উপলক্ষ করে বিভিন্ন কর্মসূচি পালন করা হতো।
এবার ১০ এপ্রিল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত টানা কর্মসূচি পালনের ঘোষণা দিয়ে জেলা বিএনপি গতকাল শনিবার সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, ইলিয়াস আলীসহ ‘গুম’ হওয়া সব নেতা-কর্মীর সন্ধান দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়ে পরদিন সোমবার থেকে জেলা বিএনপির বিভিন্ন সাংগঠনিক কমিটি পর্যায়ক্রমে গণসংযোগ করবে।