সিলেটে বিএনপির নতুন আহ্বায়ক কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে বিএনপির উপজেলা ও পৌরসভার সাতটি কমিটি বিলুপ্ত করে নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গতকাল রোববার সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।
দলীয় সূত্র জানায়, জেলার ১৭টি সাংগঠনিক কমিটি বিএনপির ‘নিখোঁজ’ নেতা এম ইলিয়াস আলীর নেতৃত্বেই গঠিত হয়। এসব কমিটি গঠনের পর ২০০৯ সালের ২৫ নভেম্বর জেলা সম্মেলন হয়। সাংগঠনিক কমিটির কাউন্সিলের মাধ্যমে ইলিয়াস কেন্দ্রের সাংগঠনিক সম্পাদক পদের পাশাপাশি জেলা সভাপতি পদেও নির্বাচিত হন। ইলিয়াসবিহীন বিএনপিকে চাঙা করতে পাঁচ বছরের মাথায় গত ১৫ এপ্রিল কেন্দ্রের নির্দেশে জেলা কমিটি ভেঙে ১০ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
দলের প্রবীণ নেতা এম নুরুল হককে আহ্বায়ক করে গঠিত ওই কমিটি গত ২৪ এপ্রিল প্রথম সভা করে। সভায় জেলার ১৭টি সাংগঠনিক কমিটি ভেঙে নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। ওই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে গত শুক্রবার এক সভার মাধ্যমে সাতটি সাংগঠনিক কমিটি যথাক্রমে কানাইঘাট উপজেলা ও পৌরসভা, জকিগঞ্জ উপজেলা ও পৌরসভা, কোম্পানীগঞ্জ, জৈন্তাপুর, গোয়াইনঘাট উপজেলার কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।
বিলুপ্ত ঘোষিত সাত কমিটির মধ্যে সাবেক সাংসদ আবদুল কাহের চৌধুরীকে কানাইঘাট উপজেলা কমিটি, ইফজালুর রহমানকে কানাইঘাট পৌর, উপজেলা পরিষদের চেয়ারম্যান ইকবাল আহমদকে জকিগঞ্জ, কাওছার রশিদকে জকিগঞ্জ পৌর, সিকন্দর আলীকে কোম্পানীগঞ্জ, আবদুল মতিনকে জৈন্তাপুর ও উপজেলা চেয়ারম্যান আবদুল হাকিম চৌধুরীকে গোয়াইনঘাট উপজেলার আহ্বায়ক করে প্রতিটি উপজেলায় ২১ সদস্যবিশিষ্ট এবং পৌর কমিটিতে ১৫ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
সভার সিদ্ধান্ত অনুযায়ী আহ্বায়ক কমিটিকে আগামী এক মাসের মধ্যে প্রতিটি ওয়ার্ড, ইউনিয়নের সম্মেলন সমাপ্ত করে উপজেলা এবং পৌর সম্মেলন আয়োজনের নির্দেশ দেওয়া হয়।