সিলেটে বিএনপির পদবঞ্চিতদের বিক্ষোভ-মিছিল পুলিশের বাধায় পণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে পুলিশের বাধার মুখে পণ্ড হয়ে গেছে বিএনপির সদ্যঘোষিত জেলা ও মহানগর কমিটির পদবঞ্চিত কর্মীদের বিক্ষোভ মিছিল। আজ শনিবার বিকেলে নগরের দক্ষিণ সুরমার বাবনা পয়েন্টে বিএনপির কিছু কর্মী জমায়েত হয়ে মিছিল বের করলে পুলিশ ফাঁকা গুলি ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, আজ শনিবার বেলা তিনটার দিকে বাবনা পয়েন্টে বিএনপির সদ্যঘোষিত জেলা ও মহানগর কমিটির পদবঞ্চিত কিছু নেতার নেতৃত্বে একদল কর্মী রাস্তা অবরোধ করে বিক্ষোভ মিছিল করার জন্য জড়ো হন। এ সময় পুলিশ লাঠিপেটা করে তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে। এতে কাজ না হওয়ায় পুলিশ ৪টি ফাঁকা গুলি ছুড়লে বিক্ষোভকারীরা পালিয়ে যায়। এ সময় সেখান থেকে ইমদাদুল নামে একজন বিক্ষোভকারীকে পুলিশ আটক করেছে।

দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মোহাম্মদ হারুনুর রশিদ প্রথম আলোকে বলেন, ‘বিএনপি-জামায়াতের কিছু নেতা-কর্মী সেখানে জড়ো হয়ে নাশকতা চালানোর অপচেষ্টা করছিল। পুলিশ প্রথমে লাঠিপেটা, পরে ফাঁকা গুলি ছুড়ে তাদের সরিয়ে দিয়েছে।’ এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে সন্ধ্যা ছয়টার দিকে তিনি জানান।

এ ব্যাপারে জানতে যোগাযোগ করা হলে জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ বলেন, বাবনা পয়েন্টে স্বেচ্ছাসেবক দলের একটি কর্মসূচি ছিল। তবে কী কারণে ওই কর্মসূচি ডাকা হয়েছিল, সেটি তাঁর অজানা। বিএনপির পদবঞ্চিতদের সেখানে কোনো বিক্ষোভ মিছিল ছিল কি না, সে সম্পর্কে তিনি কিছু জানেন না।