সিলেটে বিএনপির প্রতিবাদ মিছিল আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি এম ইলিয়াস আলীকে দুদক কার্যালয়ে তলব করার প্রতিবাদে আজ শনিবার মিছিল করবে বিএনপি। জেলা ও মহানগর শাখার উদ্যোগে প্রতিবাদ মিছিল বিকেল চারটায় নগরের কোর্ট পয়েন্ট থেকে বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ফের কোর্ট পয়েন্টে গিয়ে শেষ হবে।গত বছরের ১১ অক্টোবর সিলেটে খালেদা জিয়ার রোডমার্চ শেষে জনসভায় এক কোটি ২০ লাখ টাকা ব্যয় এবং এ টাকার উৎস জানতে চেয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সিলেট কার্যালয়ে তলব করা হয় ইলিয়াসকে। কাল রোববার ইলিয়াসকে দুদকের কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে। দুদকের এ ধরনের তলব রাজনৈতিক হয়রানি আখ্যায়িত করে আজ প্রতিবাদ মিছিলের কর্মসূচি নেওয়া হয় বলে বিএনপিদলীয় সূত্র জানায়।জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলী আহমদ প্রথম আলোকে জানান, ঢাকা চলো কর্মসূচি সামনে রেখে এ ধরনের তলব বিরোধীদলীয় রাজনৈতিক নেতা-কর্মীদের ওপর ক্ষমতাসীন দলের নির্যাতন। এ ঘটনার প্রতিবাদ জানাতে জেলা ও নগর কমিটি যৌথভাবে প্রতিবাদ মিছিল করবে।এদিকে, গতকাল জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি সাবেক সাংসদ দিলদার হোসেন সেলিম, নগর বিএনপির সভাপতি এম এ হক, জেলার সাধারণ সম্পাদক আবদুল গফফার, নগর শাখার সাধারণ সম্পাদক আবদুল কাইয়ুম জালালী ও সাংগঠনিক সম্পাদক রেজাউল হাসান কয়েস লোদী এক যুক্ত বিবৃতিতে দুদকের তলব নোটিশ প্রত্যাহার করার দাবি জানিয়েছেন। বিবৃতিতে নেতারা বলেন, ‘বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের মহাসমাবেশের বিষয়ে দুদকের নোটিশ প্রদান এই প্রথম ও বিস্ময়কর। সিলেটে অনুষ্ঠিত খালেদা জিয়ার মহাসমাবেশে স্বতঃস্ফূর্ত লাখ লাখ জনতার উপস্থিতি দেখে ক্ষমতাসীন সরকার দিশেহারা হয়ে এম ইলিয়াস আলীর নামে দুদক এই নোটিশ দিয়েছে।’ নেতারা অবিলম্বে এই নোটিশ প্রত্যাহার করার জোর দাবি জানিয়ে বলেন, ‘অন্যথায় এই উদ্দেশ্যমূলক নোটিশ প্রদানের বিরুদ্ধে বিএনপি সিলেটের সচেতন সংগ্রামী জনসাধারণকে নিয়ে দুর্বার গণ-আন্দোলন গড়ে তুলবে।’