টিপাইমুখে বাঁধ নির্মাণের প্রতিবাদে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতীকী অনশন করেছে বিএনপি সিলেট জেলা ও মহানগর শাখা। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টা থেকে দুইটা পর্যন্ত এ প্রতীকী অনশন শেষে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।মহানগর বিএনপির সভাপতি এম এ হকের সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য দেন সাবেক সাংসদ দিলদার হোসেন, ইসলামী ঐক্যজোটের ভাইস চেয়ারম্যান আবদুর রকিব, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল গফফার, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবদুল কাইয়ুম জালালী, সাবেক সাংসদ শাহীনুর পাশা চৌধুরী, বিএনপির নেতা নাসিম হোসাইন প্রমুখ।প্রতিবাদ সভা সঞ্চালন করেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলী আহমদ ও মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক রেজাউল হাসান কয়েস লোদী। বেলা তিনটায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান কামাল আহমদ চৌধুরী শরবত পান করিয়ে অনশনকারীদের অনশন ভাঙান।প্রতিবাদ সভায় বক্তারা বলেন, টিপাইমুখে বাঁধ নির্মাণ বন্ধ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। বর্তমান সরকার নিজের দেশের স্বার্থ বিসর্জন দিয়ে ভারতের স্বার্থ রক্ষায় ব্যস্ত রয়েছে। তাই বৃহত্তর সিলেটসহ বাংলাদেশের এক-তৃতীয়াংশ অঞ্চলের মাটি ও মানুষের স্বার্থে টিপাইমুখে বাঁধ নির্মাণবিরোধী আন্দোলনে সবাইকে সোচ্চার হতে হবে।