সিলেটের ছয়টি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ ও বিএনপির একাধিক প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। পাশাপাশি ১৮-দলীয় জোটের অন্যতম শরিক জামায়াতসহ জোটের শরিক অন্য দলেরও প্রার্থী রয়েছেন। গতকাল শনিবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিন তাঁরা মনোনয়নপত্র দাখিল করেন।
২০১০ সালে উপজেলা নির্বাচনে সিলেটের ১২ উপজেলার মধ্যে তিনটি উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে জামায়াত একক প্রার্থী দিয়ে জয়ী হয়েছিল। এবার ছয়টি উপজেলার মধ্যে চারটিতে জামায়াতের নেতারা মনোনয়নপত্র দাখিল করেছেন। এ ছাড়া বিএনপি ও আওয়ামী লীগের দলীয় সমর্থন নিয়ে একাধিক প্রার্থী থাকলেও ১৮-দলীয় জোটের শরিক দলগুলো থেকেও প্রার্থী রয়েছেন।
বিশ্বনাথে চেয়ারম্যান পদে চারজন মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে আছেন উপজেলা বিএনপির সহসভাপতি সোহেল আহমদ চৌধুরী। জামায়াত থেকে প্রার্থী হয়েছেন উপজেলা জামায়াতের নায়েবে আমির নিজামউদ্দিন সিদ্দিকী।
জৈন্তাপুর উপজেলায় বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও জামায়াত থেকে সাতজন প্রার্থী হয়েছেন। তাঁদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আবদুল্লাহ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. আবদুল মতিনও রয়েছেন।
গোলাপগঞ্জে চেয়ারম্যান প্রার্থী হয়েছেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বিলাল উদ্দিন, সাবেক দপ্তর সম্পাদক আলী আকবর, জাতীয়তাবাদী তরুণ দলের যুগ্ম আহ্বায়ক সিদ্দিকুর রহমান, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নছিরুল হক, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি এমরান আহমদ ও উপজেলা জামায়াতের আমির হাফিজ নজমুল ইসলাম।
গোয়াইনঘাটে প্রার্থীসংখ্যা চারজন। তাঁরা হলেন বিএনপি-সমর্থক বর্তমান চেয়ারম্যান আবদুল হাকিম চৌধুরী, উপজেলা জামায়াতের আমির আনোয়ার হোসেন, জমিয়তের নেতা আবু বক্কর, আওয়ামী লীগ-সমর্থিত জেলা মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত কমান্ডার লুৎফুর রহমান, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফারুক আহমদ।
কোম্পানীগঞ্জে জামায়াতের কোনো প্রার্থী নেই। তবে আওয়ামী লীগ ও বিএনপিতে দুজন করে প্রার্থী হয়েছেন। জকিগঞ্জে প্রার্থীসংখ্যা ১০ জন। ছাত্রলীগ ও ছাত্রদলের দুই সাবেক ছাত্রনেতাও সেখানে প্রার্থী হয়েছেন।