সিলেটে বিএনপির সম্মেলন ঘিরে 'ভোটের হাওয়া'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে বিএনপির জেলা ও নগরের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে এবার কাউন্সিলরদের সরাসরি ভোট হবে। ৬ ফেব্রুয়ারি সম্মেলনের তারিখ ঠিক করার পর তিনটি পদে নির্বাচনের তফসিল ঘোষণা করায় বিএনপিতে ‘ভোটের হাওয়া’ বইছে। গত বৃহস্পতিবার রাতে বিএনপির ‘নিখোঁজ’ নেতা এম ইলিয়াস আলীর অনুসারী পক্ষ জেলা ও নগরের সাধারণ সম্পাদক পদে প্রার্থী ঘোষণা করেছে। অন্য পক্ষগুলো তিন পদেই প্রার্থী ঘোষণার প্রস্তুতি নিয়েছে।
গত বুধবার ঘোষিত তফসিল অনুযায়ী তিনটি পদে মনোনয়নপত্র প্রদান শুরু হয়েছে। ২ ফেব্রুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র প্রদান করা হবে। জেলার আহ্বায়ক এম নুরুল হক ও নগরের আহ্বায়ক শাহরিয়ার হোসেন চৌধুরী সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তফসিল ঘোষণা করেন।
দলীয় সূত্র জানায়, সিলেটে বিএনপির সম্মেলনে কাউন্সিলরদের সরাসরি ভোট হয়েছিল সর্বশেষ ১৯৯৩ সালে। এরপর চারটি সম্মেলন হলেও কাউন্সিলরদের ভোট হয়নি। প্রায় দুই যুগ পর সেই ধারা ফিরে আসায় বিএনপির নেতা থেকে শুরু করে কর্মী-সমর্থকদের মধ্যে উদ্দীপনা দেখা দিয়েছে। বৃহস্পতিবার রাত আটটায় জরুরি সভা করে এম ইলিয়াস আলীর অনুসারী নেতা-কর্মীদের পক্ষ জেলা ও নগর কমিটির সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য দুই নেতার নাম ঘোষণা করায় অন্য পক্ষগুলোতেও প্রার্থিতা ঘোষণা নিয়ে তোড়জোড় শুরু হয়েছে।
বৃহস্পতিবার রাতে সিলেট সিটি করপোরেশনের কাউন্সিলর ফারহাদ চৌধুরীর বাসায় বিএনপির ইলিয়াসের অনুসারী ওই পক্ষের সভা হয়। সভায় জেলা কমিটির সাধারণ সম্পাদক পদে জেলার সাবেক সাংগঠনিক সম্পাদক সামসুজ্জামান জামান ও নগরের সাবেক কোষাধ্যক্ষ সিলেট সিটি করপোরেশনের কাউন্সিলর ফারহাদ চৌধুরীকে নগরের সাধারণ সম্পাদক পদে প্রার্থী ঘোষণা করা হয়। সভায় তাঁদের বিএনপির ‘তৃণমূল-সমর্থিত’ প্রার্থী হিসেবে উল্লেখ করা হয়।
মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সৈয়দ মকসুদ আলীর সভাপতিত্বে সভায় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবদুর রাজ্জাক, ইলিয়াস মুক্তিসংগ্রাম পরিষদের আহ্বায়ক শেখ মকন মিয়া, মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক রোকসানা বেগমসহ বিএনপি ও অঙ্গসংগঠনের অর্ধশতাধিক নেতা উপস্থিত ছিলেন।
এদিকে গতকাল শুক্রবার মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক পদে প্রার্থিতা ঘোষণা করে মনোনয়নপত্র নিয়েছেন ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় নেতা মাহবুব চৌধুরী।