ভারতের বরাক নদের ওপর টিপাইমুখ বাঁধ নির্মাণের চুক্তি বাতিলের দাবিতে সিলেটে আজ বৃহস্পতিবার বিএনপি সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করেছে।গত ২২ অক্টোবর এ হরতালের ডাক দেওয়া হয়। বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতারা এ হরতালকে ‘দেশ রক্ষার হরতাল’ বলে অভিহিত করেছেন। দলীয় সূত্রে জানা যায়, হরতাল সামনে রেখে প্রায় এক সপ্তাহ ধরে জেলাব্যাপী প্রচারণা চালানো হয়। বিলি করা হয় প্রচারপত্র। গতকাল বুধবারও সিলেট নগর ও উপজেলাগুলোতে বিক্ষোভ মিছিল করা হয়।নগরের বিভিন্ন স্থানে প্রচারণা শেষে গতকাল নগরের কোর্ট পয়েন্ট এলাকায় এক সমাবেশ হয়। সমাবেশে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা সভাপতি এম ইলিয়াস আলী বলেন, ‘এই হরতাল হচ্ছে আমাদের বাঁচা-মরার ও অস্তিত্ব রক্ষার। টিপাইমুখে বাঁধ হলে তা হবে আমাদের জন্য আণবিক বোমার চেয়েও ভয়াবহ।’জামায়াতের মানববন্ধন: টিপাইমুখে বাঁধ নির্মাণের চুক্তি বাতিলের দাবিতে জকিগঞ্জের অমলসীদ এলাকায় গতকাল মানববন্ধন ও সমাবেশ করে জেলা জামায়াত। জামায়াতের মজলিসে শুরার সদস্য আবদুল ওয়াহীদের সভাপতিত্বে এ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সিলেট মহানগর জামায়াতের সেক্রেটারি সিরাজুল ইসলাম, জকিগঞ্জ উপজেলা জামায়াতের নায়েবে আমির জালাল উদ্দিন ও সেক্রেটারি মঈন উদ্দিন।আলোচনার প্রস্তাব: সিলেট মহানগর আওয়ামী লীগের নেতারা হরতাল প্রত্যাহার করে টিপাইমুখ বাঁধ নির্মাণ ইস্যুতে বিএনপিকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন। গতকাল নবগঠিত নগর কমিটির নেতারা হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত এবং সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে তাঁরা এ কথা বলেন।মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি করপোরেশনের মেয়র বদরউদ্দিন আহমদ কামরান তাঁর বক্তব্যে বলেন, টিপাইমুখ বাঁধ একটি জাতীয় ইস্যু। হরতাল ও আন্দোলন করে এই সমস্যার সমাধান হবে না। প্রাথমিক শিক্ষা সমাপনী চলাকালে এই হরতাল শিক্ষার্থীদের মারাত্মক দুর্ভোগে ফেলবে।