সিলেটে বিএনপির ৬৫ নেতা-কর্মী খালাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ‘নিখোঁজ’ নেতা এম ইলিয়াস আলীর সন্ধান দাবিতে সিলেটে হরতাল চলাকালে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় করা মামলার রায়ে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের ৬৫ জন নেতা-কর্মীকে খালাস দিয়েছেন আদালত। 
সিলেটের মহানগর মুখ্য হাকিম মো. সাইফুজ্জামান হিরো গতকাল বৃহস্পতিবার এ রায় দেন। 
খালাস পাওয়া ৬৫ নেতা-কর্মীর মধ্যে সিলেট সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও টুকেরবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহীদ আহমদ, সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তারেক কালাম, সাবেক সহসাংগঠনিক সম্পাদক আবদুর রহমান, সাবেক সমাজকল্যাণ সম্পাদক আক্রম আলী, যুবদল সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক আবদুল খালিক, মহানগর ছাত্রদলের সাবেক সদস্য মাসুক আহমদ, সদর উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আলতাফ হোসেন, সিটি করপোরেশনের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সমন্বয়কারী আজিজ খান, ৮ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাসেল আহমদ, সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক উসমান হারুন, জালালাবাদ থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক দিলোয়ার হোসেন রয়েছেন। 
আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০১২ সালের ১৭ এপ্রিল এম ইলিয়াস আলী ঢাকার বনানী থেকে গাড়িচালক আনসার আলীসহ ‘নিখোঁজ’ হন। তাঁর সন্ধান দাবিতে ওই দিন থেকে টানা সাত দিন সিলেট ও বিশ্বনাথে হরতাল পালিত হয়। টানা হরতালের পঞ্চম দিন (২২ এপ্রিল) সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করে টুকেরবাজারের কাছে বিক্ষোভ করেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। এ সময় পুলিশের সঙ্গে তাঁদের সংঘর্ষ হয়। এ ঘটনায় ২২ এপ্রিল মহানগর পুলিশের জালালাবাদ থানার (এসআই)আবদুল লতিফ মামলা করেন।