
বিএনপির নিখোঁজ নেতা এম ইলিয়াস আলীর সন্ধানের দাবিতে সিলেটের বিশ্বনাথে হরতাল চলাকালে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় দলের ৯৩ নেতা-কর্মীকে জেলহাজতে পাঠানো হয়েছে। গতকাল রোববার সিলেটের মুখ্য বিচারিক হাকিম আদালতে হাজির হয়ে নেতা-কর্মীরা জামিনের আবেদন করলে বিচারক তাঁদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। দলের নেতা-কর্মীদের জেলহাজতে পাঠানোর প্রতিবাদে জেলা ও মহানগর বিএনপির নেতা-কর্মীরা গতকাল বিকেলে সিলেট নগরে বিক্ষোভ মিছিল করেন। এ সময় তাঁরা নেতা-কর্মীদের জেলহাজতে পাঠানোর ঘটনাকে হয়রানিমূলক উল্লেখ করে তাঁদের জামিন দেওয়ার দাবি জানান। বিক্ষোভ চলাকালে চারটি মাইক্রোবাস ভাঙচুর করা হয়। আদালত সূত্র জানায়, গত বছরের ১৭ এপ্রিল বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী ঢাকার বনানী থেকে গাড়িচালকসহ নিখোঁজ হন। তাঁর সন্ধান দাবিতে ২৩ এপ্রিল ইলিয়াসের নির্বাচনী এলাকা সিলেটের বিশ্বনাথে হরতাল চলাকালে পুলিশের সঙ্গে সংঘর্ষ ও তিনজন নিহত হওয়ার ঘটনায় পুলিশ দুটি মামলা করে। হত্যার ঘটনায় দায়ের করা মামলার আসামিরা গতকাল আদালতে হাজির হলে তাঁদের জেলহাজতে পাঠানো হয়। জেলহাজতে পাঠানো নেতা-কর্মীদের মধ্যে সিলেট জেলা বিএনপির দপ্তর সম্পাদক ও ইলিয়াস আলীর একান্ত সহকারী মো. ময়নুল হক, বিশ্বনাথ থানা বিএনপির সাধারণ সম্পাদক মো. গৌছ খান রয়েছেন। আদালত থেকে জেলহাজতে পাঠানোর সময় ময়নুল হক প্রথম আলোকে বলেন, তাঁদের রাজনৈতিক হয়রানি করতেই পুলিশ উদ্দেশ্যমূলকভাবে মামলায় জড়িয়েছে।