বাউলসম্রাটের বাড়িতে সশস্ত্র হামলা
সিলেটে বিক্ষোভ সমাবেশ অব্যাহত, বাউল পরিবারকে গ্রামছাড়ার হুমকি
বাউলসম্রাট শাহ আবদুল করিমের বাড়িতে সশস্ত্র হামলাকারীরা জামিন পেয়ে আবারও বাউলসম্রাটের পরিবারকে গ্রামছাড়া করার হুমকি দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার বাউলসম্রাটের ভাগ্নে শাহ আবদুল তোয়াহেদ এ ঘটনায় দিরাই থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। এদিকে সশস্ত্র হামলার প্রতিবাদে সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন স্থানে বিক্ষোভ-প্রতিবাদ অব্যাহত রয়েছে। এদিকে আজ শুক্রবারের মধ্যে আসামিদের বিরুদ্ধে প্রশাসন কোনো ব্যবস্থা না নিলে হরতালসহ কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে শাহ আবদুল করিম সংস্কৃতি ও সেবা পরিষদের নেতারা জানিয়েছেন। সংগঠনের পরিচালক আপেল মাহমুদ বলেন, শুক্রবারের মধ্যে আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে পুলিশ ব্যর্থ হলে হরতালসহ কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। বাউলসম্রাটের ভাগ্নে শাহ আবদুল তোয়াহেদ বলেন, ‘সুনামগঞ্জের দিরাই উপজেলার তাড়ল ইউনিয়ন পরিষদের সদস্য লাল মিয়াসহ তাঁর পক্ষের লোকজনের ক্রমাগত হুমকিতে আমরা নিরাপত্তাহীনতায় আছি। আমরা বাউল মানুষ, মামলা-মোকদ্দমা আমাদের কাজ না। কিন্তু এখন দেখা যাচ্ছে ইচ্ছে করেই একটি মহল আমাদের সাধনা থেকে বিচ্যুত করতে এই অবস্থার সৃষ্টি করছে। এ ঘটনার পরিপ্রেক্ষিতে থানায় জিডি করেছি।’ সুনামগঞ্জের দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মো. সালেহ অভিযোগ অস্বীকার করে প্রথম আলোকে বলেন, ‘আসামিরা জামিনে ছাড়া পেয়েছে। তারা যদি আবারও হুমকি দেয় তাহলে বিষয়টি খতিয়ে দেখা হবে।’এদিকে গতকাল বিকেলে নগরের দাড়িয়াপাড়া এলাকায় পরিবেশবাদী সংগঠন ‘অঙ্গীকার বাংলাদেশ’ সিলেট বিভাগীয় শাখার উদ্যোগে প্রতিবাদ সভা হয়। সংগঠনের পরিচালক মঈনুদ্দিন জালালের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শুভেন্দু ইমাম। বক্তব্য দেন নাগরিক মৈত্রীর আহ্বায়ক সমর বিজয় সী শেখর, নারী সংগঠক সেলিমা সুলতানা, আইনজীবী ফজলুর রহমান, প্রবাসী শিল্প উদ্যোক্তা সৈয়দ উতবা, পরিবেশকর্মী প্রিয়াংকা দাস প্রমুখ।সভায় বক্তারা বলেন, বাউলসম্রাটের বাড়িতে হামলা চালানোর দুঃসাহস যারা দেখিয়েছে, তাদের উপযুক্ত বিচার না হলে বাঙালি সংস্কৃতির জন্য সেটা হবে অশনিসংকেত।সান্ত্বনা কর্মসূচি!: করিম অনুরাগী পরিষদ গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ঢাকা, সিলেট, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, সুনামগঞ্জসহ বিভিন্ন অঞ্চলের করিম অনুরাগীরা বাউলসম্রাটের পরিবারের প্রতি সান্ত্বনা জানাতে কাল শনিবার পুরো দিন উজানধল গ্রামে বাউলের বাড়িতে অবস্থান করবেন। শাহ নূর জালালের আকুতি: বাউলসম্রাটের একমাত্র ছেলে শাহ নূর জালাল গতকাল সন্ধ্যায় প্রথম আলোর সিলেট আঞ্চলিক কার্যালয়ে ফোন করে করিম অনুরাগী, শিষ্য ও দেশবাসীর উদ্দেশে বলেন, ‘আমার বাবার নিজ হাতে প্রতিষ্ঠিত সংগীতালয়ে দুর্বৃত্তরা হামলা চালিয়েছে। আমাদের বাড়িতে বাউল গান চিরতরে বন্ধ করতে ওই মহলটি ক্রমাগত হুমকি দিচ্ছে।’ তিনি আরও বলেন, ‘পরিবারের সদস্য ও বাউলেরা নিরাপত্তাহীনতার কারণে দিনরাত ঘুমাতে পারছে না। কয়েক দিন ধরে বাউল গানও বন্ধ রয়েছে। ওই চক্রটি আমাদের পরিবার ও সংগীতালয়ের সব বাউলদের উচ্ছেদ করতে চাইছে। আমি স্থানীয় প্রশাসন ও সরকারের সাহায্য চাইছি। সেই সঙ্গে দেশবাসীর দোয়া চাইছি।’আমাদের সুনামগঞ্জ প্রতিনিধি জানান, গতকাল বিকেলে সুনামগঞ্জ শহরের শহীদ মিনারের সামনে মানববন্ধন করে বাংলাদেশ যুব ইউনিয়ন, ছাত্র ইউনিয়ন মহিলা পরিষদ ও উদীচী শিল্পী গোষ্ঠীর সদস্যরা। এ সময় সংক্ষিপ্ত বক্তব্য দেন জেলা মহিলা পরিষদের সভানেত্রী শীলা রায়, শিক্ষাবিদ ধূর্জটি কুমার বসু, উদীচীর সভাপতি বিজন সেন রায়, জেলা যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক এনাম আহমেদ, জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি সত্যজিত্ আচার্য প্রমুখ। বক্তারা অবিলম্বে বাউলসম্রাট শাহ আবদুল করিমের বাড়িতে গানের আসরে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।