সিলেটে বিচারককে লক্ষ্য করে আসামির জুতা নিক্ষেপ!
বিচারকাজে দেরি হচ্ছে অভিযোগ তুলে কাঠগড়া থেকে বিচারককে লক্ষ করে জুতা ছুড়েছেন ডাকাতি মামলার এক আসামি। গতকাল বুধবার দুপুরে সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (তৃতীয় আদালত) মো. বেলায়েত উল্লাহর এজলাসে এ ঘটনা ঘটে। এজলাসে দায়িত্ব পালনকারী পুলিশ ও আইনজীবী সূত্রে জানা গেছে, গোলাপগঞ্জ উপজেলার গোয়াশপুরে একটি বাড়িতে ডাকাতির ঘটনায় করা মামলার আসামি মোহাম্মদ সুমন (২২)। গতকাল ছিল মামলার সাক্ষ্যগ্রহণের দিন। এ মামলায় সুমনসহ কয়েকজন আসামিকে বেলা সাড়ে ১১টার দিকে আদালতে হাজির করা হয়। সাক্ষ্যগ্রহণ প্রক্রিয়া শুরু হতে ২০ মিনিট কেটে যায়। এরপর আদালত থেকে জানানো হয় সাক্ষী হাজির না হওয়ায় সাক্ষ্যগ্রহণ হবে না। এতে ক্ষুব্ধ হয়ে সুমন আদালতের উদ্দেশে বলেন, ‘পাঁচ বছর ধরে কারাগারে আছি। বিচার শেষ করেন, না পারলে অন্য আদালতে বদলি করে দেন...।’ এক পর্যায়ে সুমন বিচারককে লক্ষ্য করে তাঁর কোমরে গোঁজা একটি জুতা (স্যান্ডেল) ছুড়ে মারেন। তবে তা লক্ষ্যভ্রষ্ট হয়। এরপর পুলিশ সুমনকে হাতকড়া পরিয়ে আদালতের হাজতে সোপর্দ করে। সিলেট জেলা আদালত পুলিশ পরিদর্শকের (কোর্ট ইন্সপেক্টর) ভারপ্রাপ্ত দায়িত্বে থাকা উপপরিদর্শক (এসআই) জালাল আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।