সিলেটে বিজিবির 'সীমান্ত রক্ষা' অ্যাপ উদ্বোধন
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশের সীমান্ত সুরক্ষার দায়িত্বে নিয়োজিত বাহিনী। সীমান্ত সুরক্ষার জন্য বিজিবি প্রতিদিনই সীমান্ত এলাকায় টহল দিয়ে থাকে। টহলের সময় বিজিবির সদস্যরা সীমানাপিলার পর্যবেক্ষণ করেন। পিলার পর্যবেক্ষণ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে প্রতিবেদন দেওয়া হয়। তবে তা এত দিন ডিজিটালাইজেশনের আওতায় ছিল না। বিজিবির সরাইল রিজিয়নের অধীনে সিলেট সেক্টর স্বাধীনতা দিবসে ‘সীমান্ত রক্ষা’ নামে একটি অ্যাপস গতকাল রোববার আনুষ্ঠানিক উদ্বোধন করেছে।
বিজিবি সিলেট সেক্টর সদর দপ্তরের ‘মাল্টিপারপাস শেডে’ সাংবাদিকদের কাছে অ্যাপটির বিস্তারিত তথ্য ও ফিচার তুলে ধরেন সেক্টর কমান্ডার কর্নেল মো. আবদুল্লাহ-আল-মামুন। এ সময় বিজিবি সিলেট ৪১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শাহ আলম চৌধুরী, অ্যাপ নির্মাতা দলের সদস্যরাসহ বিজিবির বেশ কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
বিজিবি সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সীমান্তে টহলে প্রাপ্ত পিলার পরিস্থিতির প্রতিদিনকার প্রতিবেদনে সার্বিক চিত্র পাওয়া যায়। প্রায় ৩০০ কিলোমিটার সীমান্ত এলাকা সিলেট সেক্টরের অধীনে। এতে ৫০টি বিওপি (বর্ডার আউটপোস্ট) রয়েছে। সব পিলারের প্রতিবেদন নিয়মিত পাওয়া গেলেও কয়েক মাস বা কয়েক বছরের তুলনামূলক চিত্র বিশ্লেষণ করতে গেলে বেশ সমস্যায় পড়তে হয়। ‘সীমান্ত রক্ষা’ অ্যাপ ব্যবহারের মাধ্যমে খুব সহজেই একটি পিলার থেকে অন্য পিলারে টহলের ছবি তোলা যাবে।
অ্যাপটি ব্যবহার করে সীমান্তে টহলের চিত্র নেভিগেশনের মাধ্যমে ঊর্ধ্বতন কর্মকর্তারা দেখতে পারবেন। যেকোনো সময় পিলারের ছবি, সময়, তারিখ, স্থান উল্লেখসহ পিলারের সার্বিক অবস্থা অ্যাপসটির মাধ্যমে আর্কাইভে জমা হবে। এর মাধ্যমে সঠিক তথ্য পাওয়াসহ বিজিবির টহল কার্যক্রমের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা যাবে। বিজিবি শত্রুপক্ষ দ্বারা আক্রান্ত হলে টহল দল এক ক্লিকেই ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানাতে পারবে। কর্মকর্তারাও অ্যাপসটির মাধ্যমে দপ্তরে বসেই প্রয়োজনীয় নির্দেশনা সহজেই দিতে পারবেন। অ্যাপসটি সিলেট সেক্টরে প্রথমে তিন মাস চালানো হবে এবং প্রয়োজনীয় আরও অনেকগুলো ফিচার যুক্ত করা হবে। বিজিবির জন্য অ্যাপটি তৈরি করে দিয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মুন্সী মো. মিসবাহ্ উদ্দিনের নেতৃত্বে ওই বিশ্ববিদ্যালয়ের আরও পাঁচ শিক্ষার্থী মো. আল-আমিন, ফজলে এলাহি মো. যুবায়ের, স্বপন দাশ উজ্জ্বল, সুব্রত নাথ, তানভীর মাহবুব ও সিলিকন আইটি সিলেটের সফটওয়্যার প্রকৌশলী ফারহানা নওরীন।
বিজিবির সিলেট সেক্টর কমান্ডার কর্নেল মো. আবদুল্লাহ-আল-মামুন প্রথম আলোকে জানান, সীমান্ত রক্ষা অ্যাপস উদ্বোধনের মাধ্যমে বিজিবির সীমান্ত সুরক্ষাকাজে ডিজিটালাইজেশন শুরু হলো।