বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) সিলেট ডিজিটাল এক্সচেঞ্জে অবৈধ ভিওআইপি (ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল) ব্যবসা করার অভিযোগে দুই প্রকৌশলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাঁরা হলেন বিটিসিএলের সিলেট বিভাগীয় প্রকৌশলী (ফোনস) বিনয় কৃষ্ণ গায়েন ও সহযোগী প্রকৌশলী মামুন অর রশিদ। বিটিসিএলের কার্যালয় থেকে জানা গেছে, নগরের তালতলা এলাকায় বিটিসিএলের ডিজিটাল এক্সচেঞ্জে ভিওআইপি ব্যবসা চলার অভিযোগ পাওয়ার পর ১৪ ফেব্রুয়ারি সংস্থাটির সিলেটের কর্মাধ্যক্ষ মিজানুর রহমান অনুসন্ধান করে এর সত্যতা পান। পরে তিনি ভিওআইপি ব্যবসার সঙ্গে বিভাগীয় প্রকৌশলী ও তাঁর সহযোগী প্রকৌশলীর সংশ্লিষ্টতার বিষয়টি গোপনে সদর দপ্তরকে জানান। ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে ১৯ ফেব্রুয়ারি বিটিসিএলের ব্যবস্থাপনা পরিচালকের এক আদেশে ওই দুই প্রকৌশলীকে সাময়িক বরখাস্ত করা হয়। এ ঘটনা তদন্তে বিটিসিএলের ছয় সদস্যের একটি দল সিলেট এসে গত রোববার দুই প্রকৌশলীর সাময়িক বরখাস্তের আদেশ স্থানীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে। ওই দলের সদস্যরা ডিজিটাল এক্সচেঞ্জে স্থাপিত অবৈধ ভিওআইপির সরঞ্জাম দেখতে পান। গতকাল সোমবার ওই তদন্ত দল ফিরে গেছে। তদন্ত দলের প্রধান বিটিসিএলের প্রধান কর্মাধ্যক্ষ (নিরাপত্তা ও পর্যবেক্ষণ) সৈয়দ আলী আহসান অবৈধ ভিওআইপি ব্যবসায় জড়িত সন্দেহে দুই প্রকৌশলীকে সাময়িক বরখাস্ত করার বিষয়টি নিশ্চিত করেন। ঘটনা তদন্তাধীন বলে এ ব্যাপারে বিস্তারিত কিছু বলতে রাজি হননি তিনি।