বিদ্যুৎ বিপর্যয়ে অতিষ্ঠ সিলেট নগরবাসী। প্রতিদিনই ঘণ্টার পর ঘণ্টা সিলেট নগর ও শহরতলির বিভিন্ন এলাকা বিদ্যুৎহীন থাকায় মানুষের ভোগান্তি চরম পর্যায়ে পৌঁছেছে। বিশ্বকাপ খেলা চলাকালে এ অবস্থা হওয়ায় ক্রীড়ামোদীরা চরম বিরক্তি প্রকাশ করে নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে সড়ক অবরোধ করছেন।
ভুক্তভোগীরা জানান, নগরের বাগবাড়ি, পাঠানটোলা, রিকাবীবাজার, কাজলশাহ, সুবিদবাজার, মদিনামার্কেট, কালিবাড়ি, হাওলাদারপাড়া; শহরতলির কুমারগাঁও, টুকেরবাজারসহ অন্তত ১৫টি এলাকায় ঘন ঘন বিদ্যুৎ চলে যাচ্ছে৷ গত বুধবার থেকে শুক্রবার পর্যন্ত এসব এলাকা ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎহীন ছিল৷
গত শুক্রবার সন্ধ্যার পর থেকে বিদ্যুৎহীন ছিল নগরের পাঠানটোলা এলাকা। এতে ক্ষুব্ধ হয়ে স্থানীয় লোকজন পাঠানটোলায় রাত নয়টার দিকে সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করেন৷ একই দাবিতে শহরতলির টুকেরবাজারে এলাকার মানুষ ওই দিন সাড়ে বিকেল পাঁচটা থেকে সাড়ে ছয়টা পর্যন্ত সিলেট-সুনামগঞ্জ সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করে রাখেন। পরে পুলিশ গিয়ে অবরোধকারীদের সরিয়ে দেয়। সন্ধ্যা সাড়ে সাতটায় নগরের রিকাবীবাজার এলাকায় বিদ্যুৎগ্রাহকেরা নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে সড়ক অবরোধ করেন।
একাধিক ভুক্তভোগীর অভিযোগ, গত বুধবার রাতে শহরতলির কুমারগাঁও বিদ্যুৎকেন্দ্রের একটি ট্রান্সফরমার বিকল হয়ে যায়। এর পর থেকে আরেকটি ট্রান্সফরমার থেকে লোডশেডিং করে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
বাগবাড়ি এলাকার বাসিন্দা কবি ও সাংস্কৃতিকব্যক্তিত্ব শুভেন্দু ইমাম শুক্রবার বলেন, ‘নগরের বিভিন্ন এলাকার বাসিন্দাদের ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎহীন থাকতে হচ্ছে। একে তো গরম, এর মধ্যে আবার বিশ্বকাপ খেলা চলছে। যদি কোনো কারিগরি ত্রুটি থেকে থাকে, তবে তা দ্রুত সেরে ফেলা উচিত। এভাবে ধীরগতিতে সংস্কারকাজ হলে স্বাভাবিকভাবেই ভুক্তভোগী মানুষ ক্ষুব্ধ প্রতিক্রিয়া প্রকাশ করবে।’
বিদ্যুৎ বিভাগ সিলেটের (ডিভিশন-২) নির্বাহী প্রকৌশলী মো. নজরুল ইসলাম বলেন, ‘লোডশেডিং নয়, কারিগরি ত্রুটির কারণে নগর ও শহরতলির কিছু এলাকায় গত কয়েক দিন বিদ্যুৎ বিপর্যয় ঘটেছিল। তবে ইতিমধ্যে সে সমস্যার সমাধান করা হয়েছে। আজ (গতকাল শনিবার) থেকে ওই সব এলাকাবাসীকে বিদ্যুৎহীন থাকতে হবে না।’ গতকাল শনিবার খোঁজ নিয়ে জানা গেছে, কয়েক দিন ধরে নগর ও শহরতলির যেসব এলাকায় বিদ্যুৎ বিপর্যয় ঘটেছিল সেসব এলাকার মধ্যে সুবিদবাজার ছাড়া কোথাও গতকাল বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত লোডশেডিং হয়নি। তবে এসব এলাকার বাইরে নগরের কিছু এলাকায় গতকাল লোডশেডিং হয়েছে বলে স্থানীয় লোকজন জানিয়েছেন। নগরের কুমারপাড়া, কাজীটোলা, ইলাশকান্দি, সেনপাড়া, লামাপাড়া ও শিবগঞ্জ এলাকায় এক বা একাধিকবার লোডশেডিংয়ের ঘটনা ঘটেছে।