সিলেটে বিদ্যুৎ-বিভ্রাট চরমে
সিলেটে গরমের শুরুতেই বিদ্যুৎ-বিভ্রাট অসহনীয় মাত্রায় পৌঁছেছে। নগরবাসী জানিয়েছে, কোনো কোনো এলাকায় আধা ঘণ্টার ব্যবধানে একাধিকবার বিদ্যুৎ চলে যাওয়ার ঘটনা ঘটছে। বিশেষ করে, রাতের বেলা এ অবস্থা চরম আকার ধারণ করায় লোকজন চরম ভোগান্তিতে পড়ছে।বিভিন্ন এলাকার বাসিন্দারা জানিয়েছে, গতকাল মঙ্গলবার নগরের জিন্দাবাজার, বারুতখানা, জেল রোড, বন্দরবাজার, নাইওরপুল, শিবগঞ্জ, মীরাবাজার, সোনারপাড়া, রায়নগর, জল্লারপার, তাঁতীপাড়া, জামতলা, দাড়িয়াপাড়া, লামাবাজার, রিকাবীবাজার, মীরের ময়দানসহ বিভিন্ন এলাকায় একাধিকবার বিদ্যুৎ-বিভ্রাটের ঘটনা ঘটেছে। ঘন ঘন বিদ্যুৎ-বিভ্রাটের কারণে নগরবাসী অতিষ্ঠ হয়ে উঠেছে।জিন্দাবাজার এলাকার ব্যবসায়ী সাইদুর রহমান বলেন, ‘দুই ঘণ্টার ব্যবধানে আজ (গতকাল মঙ্গলবার) চারবার বিদ্যুৎ চলে গেছে। যদিও দীর্ঘ সময় লোডশেডিংয়ের ঘটনা ঘটেনি। এর পরও এটাও তো দুর্ভোগ।’ একই এলাকার এক কাপড় ব্যবসায়ী রজত রায় বলেন, ‘গরমের মৌসুম এখনো পুরোপুরিভাবে শুরুই হয়নি। এর আগেই দেখছি বিদ্যুতের ভেলকি শুরু হয়ে গেছে!’দাড়িয়াপাড়া এলাকার শিক্ষার্থী মালতী দাশ বলে, ‘সামনে আমার উচ্চমাধ্যমিক পরীক্ষা। কিন্তু রাতের বেলা একাধিকবার বিদ্যুৎ-বিভ্রাটের ঘটনা ঘটায় আমার পড়াশোনায় সমস্যা হচ্ছে।’ একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত লামাবাজার এলাকার বাসিন্দা সামিউল ইসলাম বলেন, ‘শুনলাম, সরকার বিদ্যুৎ ক্ষেত্রে অভাবনীয় উন্নয়ন করেছে, তাহলে গরম শুরুর সঙ্গে সঙ্গে বিদ্যুৎ-বিভ্রাটের ঘটনা কেন যে ঘটছে, তা তো বুঝতে পারছি না।’তাঁতীপাড়া এলাকার গৃহিণী সালমা আক্তার বলেন, ‘গত কয়েক দিন আগে এক ঘণ্টার ব্যবধানে কমপক্ষে পাঁচবার বিদ্যুৎ চলে যায়। সামান্য সময়ের ব্যবধানে এতবার বিদ্যুৎ চলে যাওয়ার কারণেই আমার বাসার ফ্রিজ ও টিভি দুটোই নষ্ট হয়ে গেছে।’ সিলেটের বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, সিলেটের বিভিন্ন বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে ৫৮০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়। এর মধ্যে জাতীয় গ্রিডে যুক্ত হয় ২৫০ মেগাওয়াট। সিলেট অঞ্চলে ২১০ থেকে ২৪০ মেগাওয়াট বিদ্যুৎ চাহিদার বিপরীতে সবটুকুই জোগান দেওয়া হয়। ফলে আগের যেকোনো সময়ের তুলনায় সিলেটে বিদ্যুৎ-পরিস্থিতি ভালো বলে কর্মকর্তারা জানিয়েছেন।সিলেটের বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী এ টি এম জহিরুল ইসলাম মজুমদার প্রথম আলোকে বলেন, ‘চাহিদার বিপরীতে পর্যাপ্ত বিদ্যুৎ সংরক্ষিত থাকায় সিলেটে কোনো ধরনের লোডশেডিংয়ের ঘটনা ঘটছে না। তবে অনেক আগের জরাজীর্ণ বৈদ্যুতিক তারের কারণে প্রায় প্রতিদিনই কোনো না কোনো এলাকায় এসব বিকল হয়ে বিদ্যুৎ বিপর্যয়ের ঘটনা ঘটছে।’জহিরুল ইসলাম মজুমদার আরও বলেন, ‘আশার কথা হচ্ছে, সিলেট নগরের বিভিন্ন এলাকার জরাজীর্ণ বৈদ্যুতিক তার পাল্টিয়ে নতুন তার লাগানোর জন্য একটি মেরামত সংরক্ষণ প্রকল্পের আওতায় লাইনগুলোকে আধুনিক ও যুগোপযোগী করতে কাজ শুরু হবে। এ কাজ শেষ হলে বৈদ্যুতিক তার কিংবা ট্রান্সফরমার সম্পর্কিত সমস্যার কারণে এ ধরনের বিদ্যুৎ বিপর্যয়ের ঘটনা একেবারেই কমে যাবে।’