সিলেটে বিদ্যুৎ সরবরাহ নিয়ে অর্থমন্ত্রীর ‘সন্দেহ’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে বিদ্যুৎ সরবরাহ নিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ‘সন্দেহ’ প্রকাশ করেছেন। গতকাল শনিবার দুপুরে সিলেট সার্কিট হাউসে সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী অতিরিক্ত লোডশেডিং প্রসঙ্গে বলেন, ‘লোডশেডিং ইচ্ছাকৃতভাবে তাঁরা (বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা) করছেন কি না, এ নিয়ে আমার সন্দেহ আছে। আমি এ ব্যাপারে খোঁজ নিয়ে দেখছি। বিগত ৪০ বছরের চেয়ে সিলেটে বিদ্যুৎ-পরিস্থিতির উন্নতি হয়েছে। বিদ্যুৎ ও জ্বালানি উৎপাদনও বেড়েছে। লোডশেডিং থাকার কথা নয়।’‘আলোকিত সিলেট—অগ্রযাত্রার সাড়ে তিন বছর’ শীর্ষক সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী বর্তমান সরকারের সাড়ে তিন বছরে সিলেটের শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামোগত উন্নয়ন প্রসঙ্গে লিখিত বক্তব্য দেন। সিলেট মহানগরে পাঁচটি থানা স্থাপন করার মধ্য দিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন করা হয়েছে। সিলেট মহানগরের সমস্যার মধ্যে যানজট ও জলাবদ্ধতার সমস্যা প্রকট বলে মন্ত্রী অভিহিত করেন।সংবাদ সম্মেলনে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. সালেহ উদ্দিন, সাংসদ মাহমুদ-উস-সামাদ চৌধুরী, সাংসদ শফিকুর রহমান চৌধুরী, সাংসদ সৈয়দা জেবুন্নেছা হক, সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুজ জহির চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।