সিলেটে বিদ্যুৎকেন্দ্র চালু থাকায় বিপর্যয়ের মাত্রা ছিল কম
বিদ্যুৎ বিপর্যয়ের মধ্যেও সচল ছিল সিলেটের কুমারগাঁও বিদ্যুৎ উৎপাদনকেন্দ্র। ২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতাসম্পন্ন কুমারগাঁওয়ের বিদ্যুৎ দিয়ে নগরের গুরুত্বপূর্ণ কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ চালু ছিল।
বিদ্যুৎ বিভাগের সিলেট কার্যালয় সূত্র জানায়, সারা দেশের সঙ্গে গত শনিবার সিলেটেও বিদ্যুৎ বিপর্যয় দেখা দেয়। শনিবার বেলা সাড়ে ১১টা থেকে সারা দেশে একযোগে বিদ্যুৎ বিপর্যয় ঘটে। বেলা দুইটা পর্যন্ত সিলেটের অবস্থাও ছিল সারা দেশের মতোই। দুইটা পাঁচ মিনিটের দিকে সিলেটের কুমারগাঁও বিদ্যুৎ উৎপাদনকেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহ করায় লোডশেডিং করে নগরের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকাসহ গুরুত্বপূর্ণ কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখা হয়। রাত নয়টার পর থেকে পরিস্থিতি স্বাভাবিক হয়ে এলে নগরে রাত ১১টা থেকে পুরোপুরি বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হয়।
বিপর্যয়ের মধ্যেও কুমারগাঁওয়ের বিদ্যুৎ উৎপাদনকেন্দ্র সচল রাখা প্রসঙ্গে সিলেটের বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ-১-এর নির্বাহী প্রকৌশলী আবুল হোসেন প্রথম আলোকে জানান, বিপর্যয়ের পর কুমারগাঁও ২০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রটি বেলা আড়াইটার পর সচল হয়। এরপর এ কেন্দ্র থেকে বেলা পৌনে তিনটার দিকে রেশনিং করে নগরের বিভিন্ন স্থানে বিদ্যুৎ সরবরাহ করা হয়।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেট অঞ্চলের প্রধান প্রকৌশলী রেজাউল কবির জানান, কুমারগাঁও বিদ্যুৎ উৎপাদনকেন্দ্র শনিবার তিন ঘণ্টা বন্ধ ছিল। এরপরই কেন্দ্রটি চালু করতে সক্ষম হওয়ায় সিলেট নগরের গুরুত্বপূর্ণ স্থানে বিদ্যুৎ স্বাভাবিক রাখা সম্ভব হয়েছে।
নগরের একাংশে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক থাকলেও সিলেটের উপজেলাগুলো বেলা ১১টা থেকে রাত নয়টা পর্যন্ত একনাগাড়ে বিদ্যুৎহীন ছিল। সিলেটের বিদ্যুৎ বিক্রয় অঞ্চল-৩-এর নির্বাহী প্রকৌশলী উজ্জ্বল কুমার মোহান্ত জানান, শনিবার রাত ১০টার পর থেকে সিলেটের বিভিন্ন উপজেলাসহ সুনামগঞ্জের জগন্নাথপুর এলাকায়ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়।
সিলেট নগরে বড় ধরনের কোনো শিল্প-কারখানা না থাকায় বিদ্যুতের অভাবে বড় ধরনের কোনো ক্ষতির চিত্র পাওয়া যায়নি। তবে নগরের আবাসিক এলাকাগুলোতে বিপর্যয়কর অবস্থা ছিল। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে সার্বক্ষণিক জেনারেটর চালু ছিল।
সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক তন্ময় ভট্টাচার্য বলেন, বেলা ১১টা থেকে বিকেল চারটা পর্যন্ত এক দফা এবং বিকেল পাঁচটা থেকে রাত ১০টা পর্যন্ত দুই দফা হাসপাতালে বিদ্যুৎ ছিল না। এ সময় জেনারেটর চালু রেখে হাসপাতালের সার্বিক কার্যক্রম সচল রাখা হয়।