বিএনপির সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী নিখোঁজের ঘটনায় গতকাল শুক্রবারও সিলেটে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। ইলিয়াসের জন্য গতকাল সিলেটে দরগাহ-মসজিদ-মন্দিরসহ ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে বিশেষ প্রার্থনা হয়েছে।ইলিয়াসের নিখোঁজের পরের দিন বুধবার সিলেট জেলা ও মহানগর বিএনপি তাৎক্ষণিকভাবে তিন দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি ঘোষণা করে। কর্মসূচি অনুযায়ী, গতকাল জুমার নামাজ শেষে সিলেটে হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহ পরান (রহ.)-এর দরগাহ জামে মসজিদগুলোতে তাঁর জন্য প্রার্থনা করা হয়েছে। একইভাবে সিলেট নগরসহ উপজেলাগুলোর মসজিদ-মন্দিরেও বিশেষ প্রার্থনা করা হয়েছে।জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি সাবেক সাংসদ দিলদার হোসেন জানান, বিশেষ প্রার্থনা দলীয় কর্মসূচি হলেও সাধারণ মানুষও এতে অংশ নেয়। মানববন্ধন: ইলিয়াসের সন্ধান দেওয়ার দাবিতে জাতীয় মানবাধিকার সোসাইটি সিলেট জেলা শাখা গতকাল কোর্ট পয়েন্টে মানববন্ধন করেছে। মানববন্ধন শেষে সেখানে সমাবেশের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন জাতীয় মানবাধিকার সোসাইটির সিলেট জেলা শাখার সহসভাপতি বদিউল আলম। এ সময় বক্তারা বলেন, ইলিয়াস আলী নিখোঁজের দায় সরকার কোনো অবস্থায় এড়াতে পারে না। মামলার প্রতিবাদে বিক্ষোভ: ইলিয়াসসহ বিএনপির নেতাদের বিরুদ্ধে আওয়ামী লীগের নেতার মামলার প্রতিবাদে গতকাল বিকেলে বিশ্বনাথ উপজেলা বিএনপি বিক্ষোভ করেছে। বিক্ষোভকারীরা বিশ্বনাথ থেকে মিছিল করে প্রায় পাঁচ কিলোমিটার দূরে দক্ষিণ সুরমার রশিদপুরে ঢাকা-সিলেট মহাসড়ক আধা ঘণ্টা অবরোধ করে রাখে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গ্যাসগান ছিনতাইকারী কারাগারে: পুলিশের গ্যাসগান ছিনতাইকারী লেবুন মিয়াকে (৩০) গতকাল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।