সিলেটে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমানে আগুন
সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমানে আগুন ধরে যায়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র জানায়, বিমানবাহিনীর সি-১৩০ প্রশিক্ষণ (পরিবহন) বিমানটি সকাল ১০টা ১৫ মিনিটে ৭৪ জন প্যারাট্রুপার নিয়ে ঢাকা থেকে এসে সিলেটে অবতরণ করে। প্রশিক্ষণ মহড়ার একপর্যায়ে দুপুর ১২টা ১০ মিনিটে বিমানটির ইঞ্জিনে ত্রুটি দেখা দিলে বাঁ দিকের পাখায় আগুন জ্বলে ওঠে। এ সময় পাখাজুড়ে ধোঁয়ার কুণ্ডলী ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিক বিমানটি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে জরুরি অবতরণ করলে বিমানবন্দরের অগ্নিনির্বাপক কর্মীরা আগুন নেভান।সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ উদ্দিন প্রথম আলোকে বলেন, বিমানবন্দরের নিজস্ব অগ্নিনির্বাপক কর্মীরাই আগুন নিভিয়ে ফেলেন। আগুনে বিমানটির বড় ধরনের কোনো ক্ষতি হয়নি।সংশ্লিষ্ট ব্যক্তিদের বরাত দিয়ে রানওয়ের একজন কর্মকর্তা জানান, বিমানটিতে ৭৪ প্রশিক্ষণার্থী, পাইলটসহ আরও ১০ জন ক্রু ছিলেন। পাইলটের সতর্কতার কারণে অল্পের জন্য রক্ষা পান ওই বিমানের আরোহী বিমানবাহিনীর ৮৪ জন সদস্য।ঘটনার পর পরই বিমানবন্দরে গিয়ে দেখা গেছে, দুর্ঘটনাকবলিত বিমানটি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জের সম্মুখের রানওয়েতে রেখে মেরামতকাজ চলছে। বিমানবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরের সদস্যরা তা মেরামত করছেন।