সিলেটে বিমানবন্দর পার্কিংয়ে ছাত্রলীগের হামলা, আহত ৩
পার্কিংয়ের টাকা চাওয়ায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর পার্কিং এলাকায় হামলা ও ভাঙচুর করেছেন ছাত্রলীগের কর্মীরা। গতকাল সোমবার দুপুরে বিমানবন্দরের পার্কিং এলাকায় এ ঘটনা ঘটে। ভাঙচুর ঠেকাতে গিয়ে পার্কিং এলাকায় কর্মরত তিনজন আহত হয়েছেন। পার্কিং এলাকার ইজারা প্রতিষ্ঠানসহ প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা একটার দিকে মহানগর ছাত্রলীগের আইনবিষয়ক সম্পাদক লুৎফুর রহমান একটি মাইক্রোবাস নিয়ে বিমানবন্দর পার্কিং এলাকায় যান। এ সময় তাঁর কাছে পার্কিং ফি বাবদ ৩০ টাকা চাইলে লুৎফুর নিজেকে ছাত্রলীগের নেতা দাবি করে ফি দিতে অস্বীকৃতি জানান। এ নিয়ে একপর্যায়ে পার্কিং এলাকায় কর্মরত ব্যক্তিদের সঙ্গে বাগিবতণ্ডায় জড়িয়ে পড়েন তিনি। একপর্যায়ে তিনি মুঠোফোনে যোগাযোগ করে ছাত্রলীগের আরও ১৫-২০ জনকে জড়ো করে পার্কিংস্থলসহ বিমানবন্দরের আশপাশ এলাকায় ব্যাপক ভাঙচুর চালান। খবর পেয়ে বিমানবন্দর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। হামলা ও ভাঙচুর ঠেকাতে গিয়ে পার্কিং ব্যবস্থাপক রিয়াজ আহমদ এবং দুই কর্মচারী আজির উদ্দিন ও আনফর আলী আহত হয়েছেন। তাঁদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পার্কিং এলাকার ইজারা নেওয়া প্রতিষ্ঠান ফয়সল এন্টারপ্রাইজের পরিচালক আসাদুজ্জামান জানান, ভাঙচুরের সময় ক্যাশ থেকে ১৬ হাজার টাকা, দুটি মুঠোফোন ও একটি মোটরসাইকেল লুট হয়েছে। লুটপাটের ঘটনাটি পুলিশকে অবহিত করা হয়েছে বলে তিনি জানান। পার্কিং নিয়ে সামান্য কথা-কাটাকাটি হয়েছে জানিয়ে ছাত্রলীগের নেতা লুৎফুর দাবি করেন, ভাঙচুর করার সময় তিনি ঘটনাস্থলে ছিলেন না। পরিকল্পিতভাবে ফাঁসানোর জন্য তাঁর নামে অপপ্রচার চালানো হচ্ছে। বিমানবন্দর থানার ওসি খায়রুল ফজল জানান, খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ব্যাপারে মামলা করলে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।