সিলেটে বিলাসী সেই শৌচাগার উচ্ছেদে সময় চেয়েছে সমিতি
সিলেটের কাজীরবাজারে সুরমাতীরের বিলাসী সেই শৌচাগার উচ্ছেদে দুই সপ্তাহ সময় চেয়েছে কাজীরবাজার মৎস্য আড়তদার ব্যবসায়ী সমিতি।
গত ২১ জুন প্রথম আলোয় প্রকাশিত সচিত্র প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে তাৎক্ষণিক পরিদর্শন করে প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব নদীতীরে শৌচাগার নির্মাণ অবৈধ উল্লেখ করে প্রধান প্রকৌশলীকে উচ্ছেদসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়ে চিঠি দেন।
সিটি করপোরেশন সূত্র জানায়, ওই চিঠির পরিপ্রেক্ষিতে ২২ জুন সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান শৌচাগার অপসারণে নোটিশ দেন। ২৬ জুন কাজীরবাজার মৎস্য আড়তদার ব্যবসায়ী সমিতির পক্ষে আছকির আহমদ লিখিতভাবে সিটি করপোরেশনকে দুই সপ্তাহ সময় দেওয়ার অনুরোধ জানান।
গতকাল বৃহস্পতিবার সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান প্রথম আলোকে বলেন, নিজ থেকে অবৈধ স্থাপনা গুটাতে তাঁদের দুই সপ্তাহ সময় দেওয়া হয়েছে। পাশাপাশি সুরমাতীরের ওই জায়গা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) হওয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে উচ্ছেদ নোটিশের অনুলিপি দেওয়া হয়েছে। শৌচাগারের বর্জ্যে নদীর পানি দূষিত হওয়ায় আইনি ব্যবস্থা নিতে পরিবেশ অধিদপ্তরকেও সিটি করপোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে।