সিলেটে বিশিষ্টজনদের হত্যার হুমকি দিয়ে চিঠি
সিলেট সিটি করপোরেশনের মেয়র, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও আওয়ামী লীগের এক নেতাকে হত্যার হুমকি দিয়ে গত বুধ ও বৃহস্পতিবার উড়ো চিঠি পাঠানো হয়েছে। কুরিয়ার সার্ভিসে পাঠানো এসব চিঠিতে কাফনের কাপড়ের টুকরাও পাঠানো হয়। এসব ঘটনায় কোতোয়ালি ও শাহপরান থানায় একাধিক সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সিটি করপোরেশনের মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি বদরউদ্দিন আহমদ কামরানের কাছে এ ধরনের একটি চিঠি পৌঁছায়। ওই দিন ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে মেয়র চিঠিটি সবাইকে পড়ে শোনান। এ সময় মেয়র বলেন, ‘এ ধরনের হুমকি দিয়ে আমার পথচলা বন্ধ করা যাবে না। এর আগেও আমাকে হত্যার অনেক চেষ্টা করা হয়েছে। আমি আমার আদর্শ থেকে বিচ্যুত হইনি। তবে এখন সময় ও প্রেক্ষাপট একটু ভিন্ন বলে আমি বিষয়টি সবাইকে জানালাম।’ মেয়রের জনসংযোগ কর্মকর্তা নেহার পুরকায়স্থ বলেন, ওই চিঠির প্রেরকের নাম লেখা হয়, মাও. যমদূত তালুকদার। ঠিকানা: মানিকপীর রোড, সিলেট। এ ঘটনায় কোতয়ালি থানায় জিডি করা হয়। একই দিন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দপ্তরে একটি পার্শেল পৌঁছায়। রাতে উপাচার্য সেটি খুলে তাঁকে হত্যার হুমকিসংবলিত একটি ইংরেজি হরফে লেখা চিরকুট ও এক টুকরা সাদা কাপড় পান। প্রেরকের নাম ও ঠিকানা একই। চিরকুটে বলা হয়, ‘সিলেটে গণজাগরণ মঞ্চে সংশ্লিষ্টতার “অপরাধে” ২৬ মার্চের আগে আপনাকে হত্যা করা হবে।’ উপাচার্য বলেন, ‘আমার আদর্শিক চেতনা থেকে আমি গণজাগরণ মঞ্চে একাত্ম হয়েছি। শত হুমকি দিয়ে এ চেতনা থেকে কেউ আমাকে সরাতে পারবে না।’আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মিসবাহউদ্দিন সিরাজ জানান, বুধবার তিনিও একই ধরনের একটি চিঠি পান। মিসবাউদ্দিন সিলেটের সরকারি কৌঁসুলির (পিপি) দায়িত্ব পালন করছেন। ওই দিন দুপুরে স্থানীয় একটি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানো পার্শেলটি তাঁর দপ্তরে পৌঁছায়। খোলার পর এক টুকরা সাদা কাপড় ও একটি চিরকুট পান। এতে লেখা, ‘আপনি অনেক নাফরমানি করেছেন। নাস্তিক্যবাদের পক্ষ নিয়েছেন। আপনাকে আর বাঁচতে দেওয়া যায় না। ২৬ মার্চ আপনাকে কতল করা হবে...।’ মিসবাহউদ্দিন বলেন, ‘আমি ছাত্রজীবন থেকে রাজনীতিতে সক্রিয়। এ ধরনের হুমকিতে তো নয়ই, প্রকাশ্য হুমকি-ধমকিতেও কখনো বিচলিত হইনি। একটি চক্র মানবতাবিরোধী অপরাধীদের বিচার-প্রক্রিয়া বানচালের উদ্দেশ্যে নানা অপপ্রচার ও গুজব ছড়াচ্ছে। আমার ধারণা, এটি ওই চক্রের কাজ।’মহানগর পুলিশের উপকমিশনার রেজাউল করিম জানান, হুমকির উৎসের সন্ধানে মহানগর পুলিশের গোয়েন্দা দপ্তরসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপরতা চালাচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ত্রাস সৃষ্টির উদ্দেশ্যে একটি চক্র পরিকল্পিতভাবে এ ধরনের উড়ো চিঠি পাঠাচ্ছে।