সিলেটে বিশ্ববিদ্যালয় করবে স্কলার্সহোম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট নগরে ছয়টি ক্যাম্পাসের মাধ্যমে পরিচালিত কিন্ডারগার্টেন থেকে উচ্চমাধ্যমিক পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান হাফিজ মজুমদার ট্রাস্টের ‘স্কলার্সহোম’ এবার বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করবে।

গতকাল মঙ্গলবার স্কলার্সহোম শাহী ঈদগাহ ক্যাম্পাসের ১৫তম নবীনবরণ অনুষ্ঠানে ট্রাস্টের একাডেমিক কাউন্সিলের চেয়ারম্যান অধ্যাপক কবির এইচ চৌধুরী বলেছেন, স্কলার্সহোম এগিয়ে যাচ্ছে। বিশ্বের বিভিন্ন মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে স্কলার্সহোমের শিক্ষার্থীরা অধ্যয়ন করছে। স্কলার্সহোমে উচ্চশিক্ষার দ্বার উন্মোচন করতে অচিরেই সিলেটে স্কলার্সহোম সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করা হবে। লন্ডন বিশ্ববিদ্যালয়, ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয় এবং নটিংহাম বিশ্ববিদ্যালয়ের কারিকুলামের আলোকে সিলেটে স্কলার্সহোমে উচ্চশিক্ষা পরিচালিত হবে।

স্কলার্সহোমের শাহী ঈদগাহ ক্যাম্পাসের হলরুমে অনুষ্ঠিত শাহী ঈদগাহ ক্যাম্পাসের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জুবায়ের সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কবির চৌধুরী বক্তব্য দেন। বিশেষ অতিথির বক্তব্য দেন স্কলার্সহোম মেজরটিলা ক্যাম্পাসের অধ্যক্ষ নাজমুল বারী জামালী, শিবগঞ্জ ক্যাম্পাসের অধ্যক্ষ প্রাণবন্ধু শ্বাস, ইলেকট্রিক সাপ্লাই ক্যাম্পাসের অধ্যক্ষ আক্তারী বেগম।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন স্কলার্সহোম শাহী ঈদগাহ ক্যাম্পাসের অধ্যক্ষ আশরাফ হোসেন চৌধুরী। অনুষ্ঠানে কলেজের বার্ষিক ম্যাগাজিন ‘এসপায়ার’-এর মোড়ক উন্মোচন করেন অতিথিরা। শিক্ষার্থীদের পক্ষে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী আদিবা ইয়াছমিন এবং নবীনদের পক্ষে একাদশ শ্রেণির শিক্ষার্থী নাবিলা মাহজাবিন অনুষ্ঠানে বক্তব্য দেয়। নবীন শিক্ষার্থীদের বরণের জন্য তাদের উত্তরীয় পরিয়ে বরণ করা হয়।

অনুষ্ঠানে বর্ষসেরা শিক্ষার্থী নির্বাচিত হওয়ায় দশম শ্রেণির ছাত্র মিরাজ আনোয়ারকে হাফিজ মজুমদার ট্রাস্টের চেয়ারম্যান স্কলারশিপ প্রদান করা হয়। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন স্কলার্সহোম শাহী ঈদগাহ ক্যাম্পাসের ইংরেজি বিভাগের প্রভাষক খোকন চন্দ।

শেষে বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মীনাক্ষী সাহার সঞ্চালনায় সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এ অনুষ্ঠানের সমন্বয়কের ভূমিকা পালন করেন বাংলা বিভাগের প্রভাষক সুদীপ্তা দাশ।