চাপাতি ও ছোরা নিয়ে বিশ্ববিদ্যালয় ও কলেজের ছাত্রসহ ছয়জন যুবককে আটক করেছে পুলিশ। গতকাল রোববার রাতে সিলেটের চৌহাট্টা এলাকার আলিয়া মাদ্রাসার মাঠ থেকে তাঁদের আটক করা হয়। আটক যুবকেরা হলেন: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র মাসুদ পারভেজ (২০), সিলেট এমসি কলেজের বাংলা বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র অনুপম দাস (১৯), একই কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র মাহমুদ হোসেন (২০), ওই কলেজে ভর্তিচ্ছু হামিদুর রহমান (২০), উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ছাত্র তুহিন আহমদ (২১) ও তাঁদের সঙ্গী মিলন আহমদ (১৮)। তাঁদের কাছ থেকে দুটি চাপাতি ও তিনটি ছোরা উদ্ধার করা হয়। পুলিশের ভাষ্যমতে, ছয়জনের একটি দল চৌহাট্টার আলিয়া মাদ্রাসা মাঠ এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে—গোপনে এমন সংবাদ পেয়ে সেখানে পুলিশ অভিযান চালায়। পরে দেশীয় অস্ত্রসহ তাঁদের আটক করা হয়।কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) কেফায়েতউল্লাহ বলেন, ডাকাতির উদ্দেশ্যে নাকি কোনো ছাত্র সংগঠনের পক্ষ থেকে সহিংস ঘটনা ঘটাতে যুবকের দলটি সশস্ত্রভাবে সংগঠিত হচ্ছিল, তা এখনো স্পষ্ট নয়। তিনি বলেন, সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (ডিসি) এজাজ আহমদ যুবকদের জিজ্ঞাসাবাদ করছেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত (রাত ১০টা) জিজ্ঞাসাবাদ চলছিল। সিলেট কোতোয়ালি থানার এসআই নারায়ণ দত্ত বলেন, আটক করে থানায় আনার পর যুবকের দল নিজেদের ছাত্র বলে পরিচয় দেয়। তাঁদের প্রকৃত পরিচয় সম্পর্কে খোঁজ নিতে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা জিজ্ঞাসাবাদ করছেন।