সিলেটে বিশ্ববিদ্যালয়ছাত্রীর লাশ উদ্ধার, স্বামী লাপাত্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট নগরের টিলাগড় এলাকায় বাসার শয়নকক্ষ থেকে নিপা রানী দে (২৪) নামের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। সিলেট মহানগর পুলিশের শাহপরান থানার পুলিশ গত বৃহস্পতিবার রাত সাড়ে আটটায় এই ছাত্রীর লাশ উদ্ধার করে।বাসায় পুলিশ আসার সঙ্গে সঙ্গে ছাত্রীর স্বামী পালিয়ে যাওয়ায় মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। গতকাল শুক্রবার ময়নাতদন্ত শেষে নিপার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশ জানায়, লিডিং ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের স্নাতকোত্তরের ছাত্রী নিপা রানী দের প্রায় দুই মাস আগে বিয়ে হয় ওষুধ ব্যবসায়ী ভুবনজয় দাসের সঙ্গে। নিপাদের বাড়ি সিলেটের জৈন্তাপুর উপজেলার নিজপাট গ্রামে। তাঁর বাবা জীবনকৃষ্ণ দে হবিগঞ্জ পুলিশের আদালত পরিদর্শক পদে কর্মরত। নিপা বিয়ের পর স্বামীকে নিয়ে টিলাগড় এলাকার পলাশী ৯/বি নম্বর ভবনের নিচতলার বাসায় থাকতেন। একই ভবনের পঞ্চম তলায় থাকে নিপার বাবা-মায়ের পরিবার। বৃহস্পতিবার বিকেল থেকে বাসায় মেয়ের কোনো সাড়া না পেয়ে তাঁর মা স্বামী জীবনকৃষ্ণকে খবর দেন। সন্ধ্যায় শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ পুলিশের একটি দল বাসার শয়নকক্ষে বিছানায় নিপার মরদেহ পায়। গলায় ওড়না মোড়ানো ছিল। এটি আত্মহত্যা না হত্যা—তা নিশ্চিত হওয়ার জন্য পুলিশ নিপার স্বামী ভুবনের খোঁজ করলে তাঁকে বাসায় পায়নি।বাসার নিরাপত্তাকর্মীরা পুলিশকে জানান, পুলিশ আসছে শুনে ভুবন বাসা থেকে বের হয়ে যান। রাত সাড়ে আটটায় নিপার মরদেহ বাসা থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। নিপার মা অঞ্জলী রানী দে সাংবাদিকদের বলেন, ঘটনার পর থেকে ভুবনের খোঁজ না পাওয়ায় মেয়ের মৃত্যু নিয়ে ভুবনকে সন্দেহ করছেন তাঁরা। নিপার ছোট ভাই অনিক দে জানান, তাঁর বোনের সঙ্গে কয়েক দিন ধরে ভুবনের কলহ চলছিল। বুধবার রাতে নিপাকে ভুবন মারধর করেন। শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী প্রথম আলোকে জানান, এ ঘটনায় নিপার পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ দেওয়া হয়নি। ঘটনাটি আসলে কী, তা নিশ্চিত হতে ময়নাতদন্ত প্রতিবেদনের জন্য অপেক্ষা করতে হচ্ছে। ভুবনজয় দাসের বাড়ি সিলেটের ওসমানীনগর থানার গোয়ালাবাজারের কুষ্টিপুর গ্রামে। এ ব্যাপারে একাধিকবার যোগাযোগের চেষ্টা করে ভুবনের মুঠোফোন বন্ধ পাওয়া গেছে।