সিলেটে বিশ্ববিদ্যালয়ের ছাত্রী খুনের ঘটনায় স্বামী কারাগারে
সিলেটে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নিপা রানী দে (২৪) হত্যা মামলার প্রধান আসামি তাঁর স্বামী ভুবনজয় দাস পুরকায়স্থকে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল সোমবার তিনি সিলেটের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আবুল কাশেমের আদালতে হাজির হন। পরে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।সিলেট লিডিং ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের স্নাতকোত্তর শ্রেণীর শিক্ষার্থী নিপার সঙ্গে হত্যার প্রায় দুই মাস আগে ওষুধ ব্যবসায়ী ভুবনজয় দাসের বিয়ে হয়। পুলিশ ও আদালত সূত্র জানায়, নিপা পুলিশ পরিদর্শক জীবনকৃষ্ণ দের মেয়ে। গত ১১ অক্টোবর নিপার লাশ নগরের টিলাগড় এলাকার বাসার শয়নকক্ষ থেকে উদ্ধার করে পুলিশ। পরে ভুবনজয় ও তাঁর মা-বোনসহ পরিবারের পাঁচ সদস্যকে আসামি করে মহানগর পুলিশের শাহপরান থানায় হত্যা মামলা করেন জীবনকৃষ্ণ। ভুবনজয়ের বাড়ি সিলেটের ওসমানীনগর থানার কৃষ্ণপুর গ্রামে। তিনি নিপাকে নিয়ে টিলাগড় এলাকার একটি আবাসিক ভবনে থাকতেন। একই ভবনে ভুবনজয়ের পরিবারও থাকত। মামলার পর ভুবনজয় উচ্চ আদালত থেকে আট সপ্তাহের জামিন নেন। জামিন শেষে গতকাল তিনি আদালতে হাজির হন।