সিলেটে বুট-ভুসি দিয়ে গুঁড়ো মসলা তৈরি করায় এক লাখ টাকা জরিমানা
মেঝেতে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে কলে সদ্য ভাঙানো হলুদ; কিন্তু হলুদে কোনো ঘ্রাণ নেই। গুঁড়ো পরীক্ষা করে পাওয়া গেল বুট ও ভুসির গুঁড়োর মিশেলে হলুদ রং মাখানো মসলা। এগুলো জব্দ করতে গিয়ে পাশেই পাওয়া গেল শুকনো মরিচের ৬০টি বস্তার মজুদ। সেগুলো খুলে কাপড়ের লাল রং মেশানো ভুসির গুঁড়ো পাওয়া যায়। গতকাল বুধবার বিকেলে সিলেট নগরের কুশিঘাট এলাকার ‘জনপ্রিয় মেজর ফ্লাওয়ার অ্যান্ড মসলা মিল’ নামের গুঁড়ো মসলার কারখানায় বিএসটিআইয়ের ভেজালবিরোধী অভিযানে এই ভেজাল মসলা ধরা পড়ে। ভেজাল মসলা প্রস্তুত করার অপরাধে কারখানার মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। বিএসটিআইয়ের সহকারী পরিদর্শক তালাত মাহমুদ জানান, গতকাল বিকেলে জেলা প্রশাসনের নির্বাহী হাকিম রাবেয়া বশরীর নেতৃত্বে ভেজালবিরোধী অভিযান চালানো হয়। উদ্ধার করা ভেজাল মসলা কারখানার পাশের ফাঁকা স্থানে নিয়ে পোড়ানো হয়। অভিযানের সময় কারখানার মালিক দেলওয়ার হোসেনও উপস্থিত ছিলেন। তাঁর কাছ থেকে এক লাখ টাকা জরিমানা আদায় করে একটি মুচলেকা রাখা হয়েছে।