সিলেটে বৃক্ষ লেনের সড়ক উদ্বোধন ২৪ জুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট নগরের রিকাবিবাজার-মীরের ময়দান এলাকার বৃক্ষ লেন-সংবলিত সেই সড়ক উদ্বোধন করা হবে ২৪ জুন। গতকাল শনিবার সিটি করপোরেশনের জনসংযোগ দপ্তর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সড়কটির উদ্বোধন করবেন।
সিটি করপোরেশন সূত্র জানায়, গত বছরের ৩ সেপ্টেম্বর অর্থমন্ত্রী এ সড়ক প্রশস্তকরণ, বৃক্ষ লেন (রোড ডিভাইডার) নির্মাণসহ সৌন্দর্যবর্ধন প্রকল্প কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। প্রায় ৭৮ লাখ টাকা ব্যয়ে এ প্রকল্পে সড়ক বিভাজককে দৃষ্টিনন্দন বৃক্ষ লেনে রূপ দিতে ২৪ লাখ টাকা ব্যয় হয়। গতকাল সিটি করপোরেশনের প্রকৌশল বিভাগ সর্বশেষ কাজ পরিদর্শন করে উদ্বোধনের দিনক্ষণ নির্ধারণ করে।
সর্বশেষ ধাপের নির্মাণকাজ পরিদর্শন করে সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব জানান, সড়কটি সংস্কারে কিছু গাছ কাটা হয়েছিল। এ কারণে সড়ক বিভাজককে বৃক্ষ লেনে রূপ দিয়ে সৌন্দর্য বর্ধন করা হয়েছে। এটি হবে নগরে সিটি করপোরেশনের সবচেয়ে সুন্দর সড়ক।