সিলেটে বেঙ্গল সংস্কৃতি উৎসব ২২ ফেব্রুয়ারি থেকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে ২২ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে ১০ দিনব্যাপী বেঙ্গল সংস্কৃতি উৎসব। এতে দেশ-বিদেশের বিশিষ্ট সাহিত্যিক, শিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের পাশাপাশি সরকারের মন্ত্রী, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। উৎসবে বাঙালির সংগীত, নাটক, নৃত্য, সাহিত্য, খাদ্য, লোকসংগীত, চলচ্চিত্র, কারুশিল্প, বাদ্যযন্ত্র ও স্থাপত্যশিল্প নিয়ে নানা আয়োজন রাখা হবে। জনরুচি, জীবন ও মননে মাত্রা সঞ্চার করা এ উৎসব আয়োজনের মূল উদ্দেশ্য।
গতকাল মঙ্গলবার দুপুর ১২টায় সিলেটের জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উৎসবের আয়োজক প্রতিষ্ঠান বেঙ্গল ফাউন্ডেশনের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়। এ সময় বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়ের, জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি এ কে মোমেন, সিলেটের জেলা প্রশাসক মো. জয়নাল আবেদীন এবং বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী বক্তব্য দেন। উৎসবের নিবেদক ইনডেক্স গ্রুপ। সহযোগিতা করছে ঢাকা ব্যাংক লিমিটেড। উৎসবের সম্প্রচার-সহযোগী চ্যানেল আই।
আবুল খায়ের বলেন, ‘সংস্কৃতির সব মাধ্যমকে এক করতে না পারলে সমাজ কখনোই প্রকৃত সাংস্কৃতিক সুফল পাবে না। আমরা বিশ্বাস করি, তরুণ প্রজন্মকে সাংস্কৃতিক আবহে মানুষ করতে পারলেই এ দেশে একটি মানবিক সমাজ প্রতিষ্ঠিত হবে। আর এ জন্যই বেঙ্গল ফাউন্ডেশন সারা বছর নানা ধরনের উৎসব আয়োজন করে থাকে। এরই ধারাবাহিকতায় ঢাকাকেন্দ্রিক উৎসবের বাইরে এবার আমরা সিলেটে বড় ধরনের একটা সাংস্কৃতিক আয়োজন শুরু করতে যাচ্ছি।’ উৎসবটি দেশের অন্যতম বড় একটি সংস্কৃতি উৎসব হিসেবে বিবেচিত হবে বলে তিনি মন্তব্য করেছেন।
সংবাদ সম্মেলনে বেঙ্গল ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয় উৎসবে রেজওয়ানা চৌধুরী বন্যা, অদিতি মহসিন, চন্দনা মজুমদার, জলের গান, কুদ্দুস বয়াতীসহ বাংলাদেশের ৩৮৩ জন সংগীতশিল্পী-নৃত্যশিল্পী-চিত্রকর-নাট্যকুশলী-লেখক-কবি অংশগ্রহণ করবেন। এ ছাড়া ভারতীয় শিল্পী হৈমন্তী শুক্লা, শ্রীকান্ত আচার্য্য, পার্বতী বাউলসহ অনেকেই গান পরিবেশন করবেন। উৎসবে ১৪টি চলচ্চিত্র প্রদর্শন করার পাশাপাশি সুবীর চৌধুরী আর্ট ক্যাম্পে বিশিষ্ট চিত্রকর রফিকুন নবী, মনিরুল ইসলামসহ ২৭ জন শিল্পী অংশ নেবেন।
উৎসব চলাকালে সাহিত্যসভা অনুষ্ঠিত হবে। এতে বাংলাদেশের মোট ৫০ জন কবি-লেখক, ভারতের ২৩ জন এবং নেপালের ২ জন বিশিষ্ট লেখক যোগ দেবেন। অংশগ্রহণকারীদের মধ্যে ভারতের প্রখ্যাত কথাসাহিত্যিক সমরেশ মজুমদারসহ বাংলাদেশের প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক, ইমদাদুল হক মিলন, প্রাবন্ধিক সিরাজুল ইসলাম চৌধুরী, সনৎকুমার সাহা, কবি-কথাসাহিত্যিক আনিসুল হক উল্লেখযোগ্য। উৎসবে বাংলাদেশের ১০টি জেলার কারুশিল্প নিয়ে থাকবে কারুমেলা। নাটক মঞ্চায়নের পাশাপাশি বাংলাদেশের প্রসিদ্ধ মিষ্টান্ন ও ঐতিহ্যবাহী খাবার উপস্থাপিত হবে। থাকবে বইমেলা এবং সিলেটের ঐতিহ্যবাহী বিভিন্ন নৃত্য ও গানের পরিবেশনা।
লুভা নাহিদ চৌধুরী জানান, ২২ ফেব্রুয়ারি থেকে ৩ মার্চ পর্যন্ত উৎসব চলবে। এর আগে অনলাইনে নিবন্ধন করে উৎসবে বিনা মূল্যে প্রবেশের পাস সংগ্রহ করতে হবে। ৫ ফেব্রুয়ারি থেকে নিবন্ধন শুরু হবে। এ ছাড়া মোবাইলে নিবন্ধন ও স্থানীয়ভাবে বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে নিবন্ধনের জন্য বুথ স্থাপন করা হবে। অনুষ্ঠানস্থলেও নিবন্ধনের ব্যবস্থা থাকবে। সার্বিক নিরাপত্তার স্বার্থে নাম, মোবাইল নম্বর ও জাতীয় পরিচয়পত্রের নম্বর দিয়ে নিবন্ধন করতে হবে। নিবন্ধন ছাড়া অনুষ্ঠানস্থলে প্রবেশ করা যাবে না। তিনি আরও জানান, উৎসবের উদ্বোধন করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এ ছাড়া সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব কামাল আবদুল নাসের চৌধুরী অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ। পুরো অনুষ্ঠানটি উৎসর্গ করা হয়েছে জ্ঞানতাপস আবদুর রাজ্জাককে। উৎসবজুড়ে দেশের নানা অঞ্চলের সংস্কৃতি উপস্থাপনের পাশাপাশি সিলেট অঞ্চলের সাহিত্য-সংস্কৃতি-ঐতিহ্যকে বিশেষভাবে উপস্থাপন করা হবে।