সিলেটে বেহাল রাস্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টানা বৃষ্টিতে যারপরনাই খারাপ অবস্থা হয়েছে সিলেট নগরের বোরহানবাদ আবাসিক এলাকার এই সড়কটির। ছবিটি সম্প্রতি তোলা l প্রথম আলো
টানা বৃষ্টিতে যারপরনাই খারাপ অবস্থা হয়েছে সিলেট নগরের বোরহানবাদ আবাসিক এলাকার এই সড়কটির। ছবিটি সম্প্রতি তোলা l প্রথম আলো

টানা বৃষ্টিতে সিলেট নগরের অধিকাংশ রাস্তায় সৃষ্টি হয়েছে খানাখন্দ। কোথাও কোথাও এতই বেহাল দশা যে গাড়িই চলতে পারে না। চরম দুর্ভোগে আছেন নগরবাসী।
বর্ষা মৌসুম শুরুর হওয়ার পর থেকেই সিলেটে নিয়মিত বৃষ্টি হচ্ছে। টানা বর্ষণে অপেক্ষাকৃত ভালো রাস্তাগুলোও নষ্ট হয়ে গেছে। ছোট-বড় অসংখ্য গর্ত তৈরি হয়েছে সেখানে।
সিটি করপোরেশনের প্রকৌশলীদের দেওয়া তথ্যমতে, নতুন ও পুরোনো সব মিলিয়ে প্রায় ৩৫ কিলোমিটার রাস্তার দশা বেহাল। তবে নগরবাসী বলছেন, নগরের গুরুত্বপূর্ণ রাস্তাগুলোর অধিকাংশই খারাপ। এসব রাস্তা যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ভাঙা রাস্তা দিয়ে ভারী যানবাহন চলায় খানাখন্দ আরও বাড়ছে।
রায়নগর এলাকার ষাটোর্ধ্ব ইসমাইল হোসেন বলেন, ‘প্রায় সব রাস্তাই খারাপ। এসব রাস্তা দিয়ে রিকশা দিয়ে যাওয়া-আসা করতে আমাদের মতো বয়স্ক মানুষের বেশি সমস্যায় পড়তে হয়। নিয়মিত সংস্কার না করায় রাস্তাগুলোর এমন অবস্থা হয়েছে। বর্ষার আগেই সংস্কার হলে এমন দুর্ভোগ পোহাতে হতো না।’
সিটি করপোরেশন সূত্র জানায়, জুনের পর টানা বৃষ্টিতে নগরের প্রায় ২০ কিলোমিটার রাস্তা নতুন করে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর আগেই বিধ্বস্ত ছিল আরও ১০-১৫ কিলোমিটার রাস্তা। যদিও সেসব রাস্তা সংস্কারে কিছু কাজ হয়েছিল। কিন্তু বৃষ্টির কারণে তা বন্ধ করে দেওয়া হয়।
বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত নগরের অন্তত ১৭টি রাস্তা ঘুরে দেখা যায়, কুশিঘাট, আখালিয়া, সাগরদিঘিরপার, করেরপাড়া ও ধোপাদিঘিরপার এলাকার রাস্তাগুলো সবচেয়ে খারাপ। এ সব রাস্তায় ছোট-বড় অসংখ্য গর্ত। পিচ উঠে পাথর ও ইট বেরিয়ে এসেছে সেখানে। এ ছাড়া পাঠানটোলা, টিভি গেট, জেলরোড, শেখঘাট, নবাব রোড, নয়াসড়ক, বন্দরবাজার, সোবহানীঘাট, পূর্ব সুবিদবাজার ও রায়নগরের রাস্তাও শোচনীয়।
স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, বর্ষার শুরুর আগেই ২৪ নম্বর ওয়ার্ডের বোরহানউদ্দিন মাজার থেকে কুশিঘাট বাজার এলাকা পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার রাস্তা ছিল বিধ্বস্ত। টানা বৃষ্টিতে রাস্তাটিতে জলকাদা জমে যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এখন এ রাস্তা দিয়ে যান চলাচল তো দূরের কথা, লোকজনই ঠিকমতো হাঁটতে পারেন না।
সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব বলেন, বৃষ্টির পানি জমে নতুন করে অনেক রাস্তা নষ্ট হয়ে যাচ্ছে। টানা বৃষ্টির কারণে সংস্কারকাজও করা যাচ্ছে না। তবে ইট-বালু-পাথর ফেলে রাস্তাগুলো উপযোগী করা হবে। কিছু কিছু রাস্তার সংস্কারকাজের দরপত্র-প্রক্রিয়া ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। বর্ষা মৌসুম শেষ হওয়ার পর দ্রুত সংস্কারকাজ শুরু করা হবে।