সিলেটে ব্যবসাপ্রতিষ্ঠানে ধর্মঘট চলছে
সিলেট নগরের সব ব্যবসাপ্রতিষ্ঠানে আজ রোববার সকাল থেকে ধর্মঘট চলছে। শহরের নেহার মার্কেটে গত বুধবার রাতে গুলি ছুড়ে ও বোমা হামলা চালিয়ে সোনার গয়নার দোকান লুটপাট ও বাদশা মিয়া নামের এক নিরাপত্তাকর্মীকে হত্যা করে দুর্বৃত্তরা। এর প্রতিবাদে এবং অপরাধীদের গ্রেপ্তারের দাবিতে সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদ ও জুয়েলারি সমিতি এই ধর্মঘটের ডাক দেয়। তাদের সঙ্গে সাধারণ মানুষও একাত্মতা প্রকাশ করেছে।
সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি শেখ মো. মখন মিয়া জানান, এখন পর্যন্ত এ ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি। তাই অপরাধীদের গ্রেপ্তারের দাবিতে সব ব্যবসাপ্রতিষ্ঠান ধর্মঘট পালন করছে। বিকেলে কোর্ট পয়েন্টে মহাসমাবেশে হবে। সেখান থেকে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।
এদিকে ঘটনার চার দিনের মাথায় ডাকাতি ও খুনের ঘটনায় গতকাল শনিবার রাতে আল বারাকা জুয়েলার্সের স্বত্বাধিকারী জুবায়ের আহমদ বাদী হয়ে মামলা করেছেন। মামলায় অজ্ঞাতনামা ১০-১২ জনকে আসামি করা হয়েছে।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ আইয়ুব জানান, মামলার এজাহারে ৪২০ ভরি স্বর্ণ লুটের অভিযোগ করা হয়েছে।