সিলেট মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের হাতে আটকের আড়াই ঘণ্টা পর আবদুল খালিক (৩৫) নামের একজন ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার রাত পৌনে নয়টার দিকে ডিবি পুলিশের একজন সহকারী উপপরিদর্শক তাঁকে আটক করেন। রাত সোয়া ১১টায় খালিক মারা যান। গতকাল বুধবার দুপুরে ময়নাতদন্ত সম্পন্ন করে বিকেলে লাশ পরিবারের কাছে দেওয়া হয়। পরিবারের অভিযোগ, আটককারী ডিবি পুলিশ সদস্যদের নির্যাতনে খালিক মারা গেছেন। সিলেটের গোয়াইনঘাট উপজেলার বহর গ্রামের বাসিন্দা খালিক নগরের সাদাটিকরে বসবাস করতেন। পেশায় তিনি একজন সবজি ব্যবসায়ী ছিলেন।ডিবি পুলিশ জানায়, নগরের সোবহানীঘাট এলাকা থেকে ফেনসিডিল বহন করার অভিযোগে খালিককে আটক করা হয়। আটকের কিছুক্ষণ পরই তিনি অসুস্থ হয়ে পড়লে তাঁকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাঁর মৃত্যু হয়েছে বলে পুলিশকে নিশ্চিত করেন।খালিককে আটককারী ডিবি পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) জাহাঙ্গীর হোসেন জানান, অতিরিক্ত ফেনসিডিল পানে হয়তো তাঁর মৃত্যু হয়েছে। তবে খালিকের পরিবারের সদস্যরা দাবি করছেন, আটকের পরপরই তাঁকে অমানুষিক নির্যাতন করা হয়। তাঁকে নিয়ে এএসআই জাহাঙ্গীর খালিকের বাসায়ও যান। সেখানে খালিক তাঁর স্ত্রীকে নির্যাতনের কথা জানান। এর প্রায় এক ঘণ্টা পর খালিকের মৃত্যুর খবরটি ডিবি পুলিশের মাধ্যমে তাঁদের দেওয়া হয়। পরিবারের সদস্যরা জানান, খালিকের শরীরের বিভিন্ন জায়গায় নির্যাতনের চিহ্ন পরিবারের সদস্যরা দেখে বিষয়টি পুলিশকেও জানিয়েছেন। বিকেলে হাসপাতাল মর্গে এএসআই জাহাঙ্গীরসহ ডিবি পুলিশের একটি দল অবস্থান করলে খালিকের পরিবারের সদস্যরা তাঁদের ধাওয়া করে সেখান থেকে তাড়িয়ে দেন। হাসপাতাল মর্গে খালিকের চাচাতো ভাই আবদুল হক প্রথম আলোকে বলেন, সোবহানীঘাট ট্রেড সেন্টার থেকে সবজি কিনে কোম্পানীগঞ্জের সালুটিকর বাজারে বিক্রি করতেন খালিক। তাঁর কাছ থেকে ফেনসিডিল উদ্ধার করার ঘটনা সাজানো। পুলিশ বলছে, তিনি ফেনসিডিল ব্যবসা করেন। ফেনসিডিল ব্যবসা করলে আবার ফেনসিডিল খেয়ে মারা যান কীভাবে?—এ প্রশ্ন এলাকাবাসীর মনে দেখা দেওয়ায় মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে।মহানগর ডিবি পুলিশের সহকারী কমিশনার সুদীপ্ত দাশ জানান, খালিকের মৃত্যুর কারণ নির্যাতন নয়, অতিরিক্ত মদ্যপানই কারণ। খালিকের কাছ থেকে ১০ বোতল ফেনসিডিল উদ্ধার করে তাঁকে আটক করা হয়েছিল। তাঁর বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে। আটকের পরপরই অসুস্থ হওয়ায় তিনি মারা যান। অসুস্থতার কারণ ময়নাতদন্ত প্রতিবেদন পেলে পরে বোঝা যাবে।