সিলেটে ব্যবসায়ী খুনের পর বস্তাবন্দী
সিলেট মহানগরের শাহজালাল উপশহর আবাসিক এলাকায় গত মঙ্গলবার রাতে নিজ বসতঘর থেকে ইমতিয়াজ হোসেন ওরফে মন্টু (৪৬) নামে এক ব্যবসায়ীর বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। ইমতিয়াজ এইচ ব্লকের পাঁচ নম্বর ইসলাম হাউস নামের একটি বাসায় সপরিবারে ভাড়া থাকতেন। খুনের পর তাঁর লাশ বস্তাবন্দী করা হয় বলে জানা গেছে। পুলিশ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাত নয়টার দিকে ওই বাসা থেকে পচা দুর্গন্ধ বের হওয়ায় স্থানীয় লোকজনের সন্দেহ হয়। খবর পেয়ে কোতোয়ালি থানার পুলিশ বাসায় তল্লাশি চালিয়ে বাথরুম থেকে একটি বস্তা উদ্ধার করে। বস্তা খুলে ইমতিয়াজের লাশ পাওয়া যায়। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ওই বাসা থেকে ইমতিয়াজের স্ত্রী লিপি আক্তার ওরফে মুক্তা (২৮), ব্যবসাপ্রতিষ্ঠানের কর্মচারী লোকমান হোসেন ওরফে রুমন (১৮), গৃহকর্মী কয়েজ আহমদকে (২৫) পুলিশ গ্রেপ্তার করে। গতকাল বুধবার ইমতিয়াজের ভাই মোহাম্মদ সিরাজ ওই তিনজনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। আদালতের মাধ্যমে তাঁদের জেলহাজতে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ ব্যবসায়ীর পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।মোহাম্মদ সিরাজ সাংবাদিকদের জানান, তাঁদের বাড়ি ঢাকার মিরপুরে। পাঁচ ভাইবোনের মধ্যে ইমতিয়াজ মেঝো। মহানগরের সোবহানীঘাট এলাকায় ছালিম ম্যানশনে মায়া ট্রান্সপোর্ট নামে পারিবারিক ব্যবসাপ্রতিষ্ঠান পরিচালনা করতেন ইমতিয়াজ।