সিলেটে ব্যবসায়ী নিখোঁজ ১০ দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার লালনগর গ্রামের ছানোয়ার আলী নামের এক ব্যবসায়ী ১০ দিন ধরে নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় তাঁর স্ত্রী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। পরিবারের ধারণা, ব্যবসাসংক্রান্ত কাজে টাকা নিয়ে তিনি সিলেটে যাওয়ার সময় অপহরণ হয়ে থাকতে পারেন।
পুলিশ ও নিখোঁজ ব্যক্তির পরিবার সূত্রে জানা গেছে, ১৪ মে সকাল আটটার দিকে উপজেলার লালনগর গ্রামের বাসিন্দা রেস্তোরাঁ ব্যবসায়ী ছানোয়ার আলী (৫৫) ব্যবসাসংক্রান্ত কাজে বাড়ি থেকে সিলেটের উদ্দেশে রওনা দেন। এরপর থেকে তাঁর মুঠোফোনটির সংযোগ বন্ধ পাওয়া যাচ্ছে। এ অবস্থায় খোঁজাখুঁজি করে তাঁর সন্ধান না পাওয়ায় গোলাপগঞ্জ মডেল থানায় তাঁর স্ত্রী রিনা বেগম একটি জিডি করেছেন।
ছানোয়ার আলীর জামাতা মো. ইকবাল হোসেনের ধারণা, তাঁর শ্বশুর ১ লাখ ২০ হাজার টাকা নিয়ে সিলেটে ব্যবসায়িক কাজে বাড়ি থেকে রওনা হয়েছিলেন। সঙ্গে টাকা থাকায় তিনি অপহরণ হয়ে থাকতে পারেন। ইকবাল আরও জানান, ছানোয়ারের উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি। তাঁর গায়ের রং ফরসা।
গোলাপগঞ্জ মডেল থানার ওসি এ কে এম ফজলুল হক শিবলী ছানোয়ারের নিখোঁজের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি প্রথম আলোকে বলেন, পুলিশ ছানোয়ারের নিখোঁজ হওয়ার বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে দেখছে। তিনি নিখোঁজ নাকি অপহরণ হয়েছেন, সেটিও বের করার চেষ্টা চালানো হচ্ছে।