সিলেটে ব্যবসায়ী নিহতের ঘটনায় ডাকাতি মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট শহরতলির দলইপাড়ায় নিজ ঘরে ব্যবসায়ী মনজুরুল ইসলাম মনজিলকে (৩৬) গুলি করে হত্যার ঘটনায় ডাকাতি মামলা হয়েছে। মনজিলের স্ত্রী হোসনা বেগম বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে থানায় অভিযোগ দাখিল করলে মহানগর পুলিশের শাহপরান থানায় গত শনিবার রাতে মামলাটি নথিভুক্ত করে তদন্ত করা হচ্ছে। তবে ঘটনার সঙ্গে সম্পৃক্ত কাউকে পুলিশ গ্রেপ্তার করতে পারেনি।পুলিশ জানায়, সিলেট নগরের ব্যবসাকেন্দ্র কালীঘাটের ‘মনজিল ব্রাদার্সের’ স্বত্বাধিকারী মনজিলকে গত শুক্রবার রাত প্রায় তিনটায় একদল মুখোশধারী ঘরে ঢোকে গুলি করলে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। এ সময় মুখোশধারীরা মনজিলের মা ও ছোট ভাইকে মারধর করে পালায়। ঘটনাটি ডাকাতি না দুর্বৃত্তপনা—এ নিয়ে পরিবারের সদস্যদের মধ্যে পরস্পরবিরোধী বক্তব্য থাকায় পুলিশ মনজিলের স্ত্রী হোসনা বেগমের ভাই সুমন আহমদকে জিজ্ঞাসাবাদের জন্য তাৎক্ষণিক আটক করে।শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনামুল মনোয়ার জানান, নিহতের পরিবার থেকে শনিবার দিনে এ নিয়ে পরস্পরবিরোধী বক্তব্য থাকলেও রাতে ঘটনাটি ডাকাতি বলে তারা জানায়। নিহত মনজিলের স্ত্রী এ ব্যাপারে পুলিশের কাছে লিখিত অভিযোগ করলে অভিযোগটি ডাকাতি মামলা হিসেবে নথিভুক্ত করা হয়।এ ঘটনায় আটক সুমনকে রাতেই ছেড়ে দেওয়া হয়েছে জানিয়ে ওসি বলেন, ঘটনাটি ডাকাতি না হত্যাকাণ্ড—এ বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। একজন উপপরিদর্শককে মামলার তদন্ত কর্মকর্তা নিযুক্ত করে হত্যাকারী শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে।