সিলেটে ব্যবসায়ী মামুন হত্যা মামলা ডিবিতে
সিলেটে ছাত্রলীগ নেতার ছুরিকাঘাতে নিহত ব্যবসায়ী করিম বক্স মামুন হত্যা মামলা গোয়েন্দা পুলিশে (ডিবি) স্থানান্তর হয়েছে। গতকাল শুক্রবার ডিবি পুলিশ মামলার তদন্ত শুরু করেছে বলে জানিয়েছেন সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমদ।
সিলেট নগরের কেন্দ্রস্থল জিন্দাবাজার এলাকায় ১৬ আগস্ট মোটরসাইকেল পার্কিং নিয়ে বাগ্বিতণ্ডার একপর্যায়ে ছুরিকাহত করা হয় এলিগেন্ট শপিং মলের ব্যবসায়ী মামুনকে। পরদিন হাসপাতালে তিনি মারা যান। বিপণিবিতানের সিসি ক্যামেরায় ছুরিকাঘাতকারী চিহ্নিত হলে এ ঘটনায় সিলেট জেলা ছাত্রলীগের স্থগিত কমিটির সহসভাপতি সুলেমান চৌধুরীসহ তিনজনকে আসামি করে মামলা করা হয়। পরে কেন্দ্রীয় ছাত্রলীগ সুলেমানকে স্থায়ী বহিষ্কার করে।
আসামি সুলেমানকে এখনো গ্রেপ্তার করতে না পারায় গত মঙ্গলবার ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদ সিলেট জেলা ও মহানগর শাখা যৌথভাবে দুই ঘণ্টা দোকানপাট বন্ধ রেখে সমাবেশ করে। সেখানে ৭২ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তারে পুলিশকে সময় বেঁধে দেওয়া হয়। ওই সময়সীমার মধ্যেই মামলার তদন্তভার পুলিশ থেকে গোয়েন্দা পুলিশের কাছে স্থানান্তর করা হলো।
ব্যবসায়ীদের বেঁধে দেওয়া সময়ের মধ্যে আসামি গ্রেপ্তার না হওয়ায় বৃহস্পতিবার রাতে ব্যবসায়ী স্বার্থ সংরক্ষণ পরিষদ প্রতিবাদ সভা করেছে। সভায় পরিষদের আহ্বায়ক কিবরিয়া হোসেন সভাপতিত্ব করেন। বক্তব্য দেন ব্যবসায়ী মাহবুব উদ্দিন খান, নিহত মামুনের বাবা আনোয়ার বক্স, চাচা বাবর বক্স প্রমুখ।