সিলেটে ব্যবসায়ী রইছ হত্যা মামলায় পাঁচজনের মৃত্যুদণ্ড
সিলেটে ব্যবসায়ী রইছ আলী হত্যা মামলায় পাঁচজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার সিলেটের এক নম্বর অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. নাজির আহমেদ এ রায় দেন।মৃত্যুদণ্ড পাওয়া ব্যক্তিরা হলেন সিলেট সদর উপজেলার বড়ফৌদ গ্রামের মো. কাঁচা মিয়া (৩৮), মো. নাসিরউদ্দিন (৪০), জমির মিয়া (৩৫), শাহাবউদ্দিন (৪০) এবং একই উপজেলার উমাইরগাঁও গ্রামের ছফরউদ্দিন (৪০)। তাঁদের মধ্যে জমির ও শাহাবউদ্দিন পলাতক রয়েছেন।মামলার বিবরণ থেকে জানা যায়, ১৯৯৬ সালের ৭ নভেম্বর উমাইরগাঁওয়ের রইছ আলী (৩৫) ব্যবসাসংক্রান্ত কাজ শেষে সিলেট নগর থেকে বাড়ি ফেরার পথে খুন হন। পরদিন বিকেলে কান্দিনামা গ্রামের দরগারখাল এলাকার একটি ধানখেত থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহত রইছের বড় ভাই আবদুল আহাদ বাদী হয়ে সিলেট কোতোয়ালি থানায় ওই পাঁচজনকে আসামি করে মামলা করেন।সিলেট কোতোয়ালি থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) জামাল আহমদ মামলার তদন্ত শেষে পাঁচ আসামিকে অভিযুক্ত করে ১৯৯৭ সালের ১৪ এপ্রিল আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালত ওই বছরের ১২ অক্টোবর অভিযোগ গঠন করে বিচারকাজ শুরু করেন। মোট ১৭ সাক্ষীর মধ্যে ১২ জনের সাক্ষ্য গ্রহণ শেষে গতকাল এ রায় দেওয়া হয়।আদালত সূত্র জানায়, রায় ঘোষণার সময় বিচারক বলেন, আসামিদের বিরুদ্ধে অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাঁদের প্রত্যেককে গলায় ফাঁস লাগিয়ে মৃত্যু না হওয়া পর্যন্ত ঝুলিয়ে রেখে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। দণ্ডাদেশ পাওয়া ব্যক্তিরা এ রায়ের সাত দিনের মধ্যে উচ্চ আদালতে আপিল করতে পারবেন।বাদীপক্ষে সিলেট জেলা বারের জ্যেষ্ঠ আইনজীবী এ টি এম গোলাম মাসুদ ও রাষ্ট্রপক্ষে এপিপি হুমায়ূন কবির মামলা পরিচালনা করেন।রায়ে সন্তোষ প্রকাশ করে বাদী আবদুল আহাদ বলেন, ‘আমরা ন্যায়বিচার পেয়েছি। এ রায় উচ্চ আদালতে বহাল থাকলেই আমরা খুশি হব।’