সিলেটে ব্যবসায়ী হত্যা, সড়ক অবরোধ

ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে মোটরসাইকেল রাখা নিয়ে বচসার জের ধরে ছুরিকাহত সিলেটের জিন্দাবাজার এলাকার একটি বিপণিবিতানের তরুণ ব্যবসায়ী করিম বক্স মামুন (২৬) মারা গেছেন। গত মঙ্গলবার দুপুরের দিকে তিনি ছুরিকাহত হন। আহত অবস্থায় এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাত সাড়ে তিনটার দিকে তিনি মারা যান।
গতকাল বুধবার সকালে মামুনের মৃত্যুর খবরে জিন্দাবাজার এলাকায় জড়ো হয়ে ব্যবসায়ীরা বিক্ষোভ করেন। দুপুর ১২টা থেকে নগরের কেন্দ্রস্থলের জিন্দাবাজার মোড়ে প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেন তাঁরা। এ সময় জিন্দাবাজার এলাকা দিয়ে কোনো ধরনের যানবাহন চলাচল করেনি। ব্যবসায়ীরা আগামী ২৪ ঘণ্টার মধ্যে খুনি শনাক্ত করে গ্রেপ্তারের দাবি জানান। বিকেলে ব্যবসায়ীদের পক্ষ থেকে নগরে বিক্ষোভ মিছিল হয়।
মামুন জিন্দাবাজারের এলিগেন্ট শপিং সেন্টারের একটি মুঠোফোন ব্যবসাপ্রতিষ্ঠানের পরিচালক ছিলেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা বলেন, মঙ্গলবার বেলা দুইটার দিকে মামুনের ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে মোটরসাইকেল রাখা নিয়ে দুই যুবকের বচসা হয় বিপণিবিতানের নিরাপত্তাকর্মীদের সঙ্গে। নিরাপত্তাকর্মীরা মোটরসাইকেলের চালককে রাস্তায় মোটরসাইকেল রাখতে নিষেধ করায় ক্ষিপ্ত হয়ে চালকের আসনে বসা এক যুবক নিরাপত্তাকর্মীকে চড় মারেন। পাশে থাকা অন্য এক নিরাপত্তাকর্মী এগিয়ে এলে তাঁকে মারধর করেন দুই যুবক। এ দৃশ্য দেখে মামুন এগিয়ে গেলে ‘রাস্তা কি তোর বাপের জায়গা?’ বলে যুবকদের একজন তাঁকে ছুরিকাঘাত করেন। গতকাল দুপুরে এলিগেন্ট শপিং সিটি সেন্টারের দুজন নিরাপত্তাকর্মীর সঙ্গে আলাপ করে এ বিষয়ে নিশ্চিত হওয়া গেছে। মোটরসাইকেলে থাকা দুই যুবকের মধ্যে টি-শার্ট পরা যুবক মামুনকে ছুরিকাঘাত করেন।
কোতোয়ালি থানার লামাবাজার ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) বেনু চন্দ্র বলেন, মামুনের বুকের বাঁ দিকে ছুরিকাঘাত করা হয়। অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়েছে। মামুনের বাসা জিন্দাবাজারের পাশের জল্লারপাড়। গতকাল সকালে হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের পর পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে। লাশ দাফন করে এ ঘটনায় মামলা করবে বলে মামুনের পরিবার থেকে জানানো হয়েছে।
সিলেট কোতোয়ালি থানার ওসি সোহেল আহমদ গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে। ব্যবসায়ী মারা যাওয়ার খবর পেয়ে সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। এতে দুই যুবকের একজনকে ছুরিকাঘাত করতে দেখা গেছে।
এদিকে মামুনের খুনিদের গ্রেপ্তারের দাবিতে ব্যবসায়ীদের সড়ক অবরোধ চলাকালে সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরান সেখানে গিয়ে তাঁদের দাবির প্রতি সংহতি জানান। পরে সড়ক অবরোধ প্রত্যাহার করে নেওয়া হয়।