সিলেটে ব্যবসায়ী হত্যার দায়ে তিনজনের যাবজ্জীবন
সিলেটে জমির উদ্দিন (৫৫) নামের এক জমি ব্যবসায়ীকে হত্যার অপরাধে তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। সিলেট মহানগর দায়রা জজ আকবর হোসেন মৃধা গতকাল মঙ্গলবার এ রায় দেন।
যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া তিনজন হচ্ছেন সিলেট নগরের মেজরটিলা এলাকার মোহাম্মদপুরের আহবাব হোসেন চৌধুরী, বিয়ানীবাজারের বড় মালিঙ্গা গ্রামের মোহাম্মদ মইনুল এবং গোলাপগঞ্জের মঞ্জুরাবাদ গ্রামের মো. রুম্মান আহমদ।
আদালত সূত্রে জানা গেছে, তিনজনের মধ্যে রুম্মান পলাতক। অপর দুজন কারাবন্দী। যাবজ্জীবন কারাদণ্ড ছাড়াও ওই তিনজনকে লাশ গুম করার দায়ে আরও পাঁচ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
মামলা সূত্রে জানা যায, ভূমিসংক্রান্ত বিষয়ে আলাপ করার কথা বলে ২০১২ সালের ১১ নভেম্বর আসামিরা মেজরটিলার চামেলিবাগ এলাকার বাসিন্দা জমির উদ্দিনকে আহবাব হোসেনের বাসায় নিয়ে যান। পরদিন তাঁর বস্তাবন্দী লাশ পাশের বড়জান চা-বাগান থেকে উদ্ধার করে পুলিশ।