সিলেটে ব্যবসায়ীকে অপহরণ করে খুন
সিলেটে ভাড়ায় গাড়ির (রেন্ট-এ কার) এক ব্যবসায়ীকে গতকাল রোববার অপহরণ করে খুন করেছে একদল দুর্বৃত্ত। নিহত ব্যক্তির নাম মোশাররফ হোসেন জামরুল (৩০)। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে পুলিশ তিনজনকে আটক করেছে। ব্যবসায়ীর পরিবার ও পুলিশ জানায়, মোশাররফ কাজলশাহ এলাকায় রেন্ট-এ কারের ব্যবসা করতেন। তাঁর সঙ্গে মাছুদীঘি এলাকার শিব্বির আহমদ নামের এক ব্যক্তির ব্যবসায়িক সম্পর্ক ছিল। গতকাল সকাল নয়টায় শিব্বির বাসা থেকে মোশাররফকে ডেকে নেন। দুপুরে অজ্ঞাত স্থান থেকে মোশাররফের পরিবারকে মুঠোফোনে জানানো হয়, ‘তাঁকে (মোশাররফ) অপহরণ করা হয়েছে। ছাড়িয়ে নিতে ১০ লাখ টাকা দিতে হবে।’ পরিবারের সদস্যরা বিষয়টি প্রথমে আমলে না নিলেও বিকেলে সিলেট কোতোয়ালি থানায় জানান। সন্ধ্যার পর খবর পেয়ে পুলিশ দক্ষিণ সুরমার বড়ইকান্দি এলাকার একটি পরিত্যক্ত বাড়ি থেকে মোশাররফের লাশ উদ্ধার করে। এলাকাবাসীকে সঙ্গে নিয়ে পুলিশ বড়ইকান্দি এলাকায় অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে শিব্বির আহমদ (৩০) ও তাঁর দুই সঙ্গীকে আটক করে।